২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুব্ধ গ্রেটা থানবার্গ ফিরিয়ে দিলেন নরডিক পরিবেশ পুরস্কার

নরডিক কাউন্সিলের দেওয়া পরিবেশ বিষয়ক একটি পুরস্কার ফিরিয়ে দিয়েছেন সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ। তিনি বলেন, ‘পরিবেশ আন্দোলনের কোনো পুরস্কারের প্রয়োজন নেই’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2019, 08:39 PM

Updated : 08 Apr 2022, 04:57 PM

“এই পুরস্কার দারুণ সম্মানের। এজন্য নরডিক কাউন্সিলকে ধন্যবাদ। কিন্তু এসব পুরস্কারের প্রয়োজন নেই।

“বরং রাজনীতিক এবং ক্ষমতায় থাকা ব্যক্তিদের বর্তমান এবং সর্বাধুনিক বিজ্ঞানের কথা শোনা প্রয়োজন।”

এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের দৌড়েও এগিয়ে ছিলেন সুইডিশ এই কিশোরী। তবে শেষ পর্যন্ত ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ ওই পুরস্কার জেতেন।

নরডিক কাউন্সিল থানবার্গকে যে পুরস্কার দিয়েছিল তার আর্থিক মূল্য ৫ লাখ ক্রোনার (৪৬ হাজার ইউরো)।

ইন্সটাগ্রামে এক পোস্টে ওই অর্থ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যায় থানবার্গ বলেন, “বিশেষ করে জলবায়ু এবং পরিবেশগত বিষয় যখন আসে তখন বিশ্বজুড়ে নরডিক দেশগুলোর অবদানের কথা কে না জানে।

“সেটা নিয়ে তাদের গর্বের শেষ নেই। সুন্দর সুন্দর কথারও শেষ নেই। অথচ তাদের জীবাশ্ম জ্বালানি ব্যবহারের পরিমাণ পুরো ভিন্ন কথা বলছে।”

তিনি ‘ডব্লিউডব্লিউএফ এবং গ্লোবাল নরডিক নেটওয়ার্কের’ এক প্রতিবেদনের কথা উল্লেখ করে আরো বলেন, তাদের প্রতিবেদন অনুযায়ী নরডিক অঞ্চলের দেশ এক সুইডেনই যেভাবে সম্পদের অপচয় করে তাতে মনে হয় ‘বিশ্বের হাতে চারটি পৃথিবীর সমান সম্পদ আছে’।

“আমরা এমন দেশগুলোতে বাস করি যাদের ভবিষ্যৎ পৃথিবীর জন্য সবচেয়ে বেশি কাজ করার সক্ষমতা রয়েছে। অথচ এখন পর্যন্ত আমাদের দেশগুলো আসলে এ বিষয়ে কিছুই করেনি।”

পুরনো খবর:

‘অল্টারনেটিভ নোবেল’ জিতেছেন গ্রেটা থানবার্গ