কাশ্মীরে যাচ্ছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল
জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের তিন মাস হতে চললেও সেখানকার বর্তমান পরিস্থিতির স্পষ্ট চিত্র কারো কাছেই নেই। আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনায় বার বার কাশ্মীর নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। যার প্রেক্ষাপটে সেখানকার প্রকৃত অবস্থা খতিয়ে দেখতে ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধিদল যাচ্ছে কাশ্মীরে।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সোমবার এক টুইটে প্রতিনিধি দলটির কাশ্মীর সফরে যাওয়ার কথা রয়েছে বলে জানান।
মঙ্গলবার ইইউ এমপি’দের ২৭ জনের এ প্রতিনিধি দল কাশ্মীরে যাবে। এরই মধ্যে দলটি ভারতে পৌঁছেছে। সোমবার এই প্রতিনিধিরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখাও করেছেন বলে জানিয়েছে এনডিটিভি।
বৈঠকের পর মোদী বলেন, “তারা সেখানে গিয়ে ওই অঞ্চলে উন্নয়ন এবং প্রশাসনিক ব্যবস্থায় যে অগ্রগতি হয়েছে তার স্পষ্ট চিত্র পাবে।”
গত ৫ অগাস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের মধ্য দিয়ে মোদী সরকার জম্মু ও কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল করে এবং রাজ্যটিকে কেন্দ্র শাসিত দুইটি আলাদা অঞ্চলে ভাগ করার ঘোষণা দেয়। তার পরপরই সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছিল।
আপাতত সেখানে টেলিফোন এবং মোবাইল সেবা সচল হলেও এখনো কয়েকটি এলাকা বিশেষ করে শ্রীনগরের কিছু অংশে মানুষের চলাফেরাসহ নানা বিধিনিষেধ আরোপ করা আছে। যাকে এক কথায় কারফিউ বলা যায়।
প্রতিবেশী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শুরু থেকেই কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের বিরুদ্ধে সোচ্চার। সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনেও তিনি কাশ্মীরে ‘দমন-পীড়ন’ চলছে বলে অভিযোগ তোলেন। যদিও দিল্লি থেকে এ অভিযোগ উড়িয়ে দিয়ে বলা হয়েছে, কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিকই আছে।
তবে ভারতের কেন্দ্র সরকার থেকে যতই পরিস্থিতি স্বাভাবিক থাকার দাবি করা হোক, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো তেমনটা বলছে না। বিশেষ করে এক সময়ের রাজধানী শ্রীনগরের কিছু কিছু এলাকায় মাঝে মধ্যেই উত্তেজনা দেখা যাচ্ছে।
কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতিও কেন্দ্র সরকারের বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ তুলেছেন। মেহবুবা মুফতির টুইটার একাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, স্থানীয় সংবাদ মাধ্যমকে ‘সত্যি কথা’ না লিখতে চাপ দেওয়া হচ্ছে।
“আশা করি তারা (ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল) সাধারণ মানুষ, স্থানীয় সংবাদমাধ্যম, চিকিৎসক এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। গোটা দুনিয়া ও কাশ্মীরের মধ্যে থাকা লোহার পর্দা উঠে যাওয়া প্রয়োজন। জম্মু ও কাশ্মীরকে অস্থির পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার জন্য সরকারকে কৈফিয়ত দিতে হবে।”
