২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় মার্কিন অভিযানে আইএস নেতা বাগদাদি নিহত: ট্রাম্প

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল বাগদাদি সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে নিহত হয়েছেন বলে ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Oct 2019, 09:30 PM

Updated : 08 Apr 2022, 04:56 PM

রোববার সকালে হোয়াইট হাউজ থেকে এক বক্তব্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বাহিনীর কুকুরের ধাওয়ায় বাগদাদি একটি সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যাওয়ার পর আত্মঘাতী বেল্টের বিস্ফোরণ ঘটান।

বাগদাদির সঙ্গে সে সময় তার তিন সন্তানও ছিল এবং আত্মঘাতী বেল্টের বিস্ফোরণে সবাই মারা গেছে বলেও ট্রাম্প উল্লেখ করেন। তিনি বলেন, বিস্ফোরণে বাগদাদির দেহ ছিন্নভিন্ন হয়েছে। তবে ঘটনাস্থলের ডিএনএ নমুনা পরীক্ষায় তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

তাড়া খেয়ে বাগদাদি সিরিয়ার ইদলিব প্রদেশের একটি কানাগলি দিয়ে চীৎকার করে কাঁদতে কাঁদতে দৌড়ে পালিয়েছেন এবং শেষ পর্যন্ত তার ওই পরিণতি হয়েছে জানিয়ে ট্রাম্প বলেন, “ত্রাস সৃষ্টিকারী দুর্ধর্ষ এই নেতা যিনি অন্যদেরকে ভীত-সন্ত্রস্ত করে রাখতে সবসময় তৎপর ছিলেন তারই জীবনের শেষ মুহুর্তটি কেটেছে আমেরিকান বাহিনীর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে।”

অভিযানে কোনো সেনা নিহত হয়নি তবে একটি কুকুর আহত হয়েছে বলে জানান ট্রাম্প।

ট্রাম্প প্রায় এক সপ্তাহ আগে অভিযানটির অনুমতি দিয়েছিলেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

শনিবার মার্কিন সামরিক হেলিকপ্টারগুলো সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের ওপরে উড়ছে এরকম প্রতিবেদন পাওয়ার পর, অভিযানের বিষয়ে জ্ঞাত পেন্টাগনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঘটনার বিষয়ে অবহিত মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তারা নিউজউইককে জানিয়েছেন, অতি গোপনীয় ওই অভিযানের লক্ষ্যস্থল ছিলেন বাগদাদি।

শনিবার রাতে অভিযানটি শেষ হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প টুইটে বলেন, “এইমাত্র বিরাট কিছু একটা ঘটল!”

পরে এক ঘোষণায় হোয়াইট হাউজ জানায়, রোববার ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ৯টায় প্রেসিডেন্ট ‘গুরুত্বপূর্ণ বিবৃতি’ দিবেন।