২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্মি সেনা-পুলিশদের হত্যা করেছে মিয়ানমার সেনারা: আরাকান আর্মি

মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি যেসব সেনা ও পুলিশকে অপহরণ করে জিম্মি করেছিল তাদেরকে সেনাবাহিনী হত্যা করেছে বলে দাবি করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Oct 2019, 08:59 PM

Updated : 08 Apr 2022, 04:56 PM

আরাকান আর্মি (এএ) নিরাপত্তাবাহিনীর বেশ কয়েকজন সদস্যকে অপহরণের পর মিয়ানমারের সেনারা দলটিকে ধাওয়া করে তাদের তিনটি নৌকা গুলি করে ডুবিয়ে দেয়।

ডুবে যাওয়া নৌকায় ওই জিম্মি সেনা-পুলিশদের বহন করা হচ্ছিল এবং তাদের অনেকে ‘ডুবে মারা গেছে’ বলে রোববার দাবি করেছে আরাকান আর্মি।

বিদ্রোহী দলটির দাবি, মাত্র একদিন আগেই তারা ৫০ জনের বেশি মানুষকে অপহরণ করে। যাদের মধ্যে বেশিরভাগই মিয়ানমারের সেনা ও পুলিশ কর্মকর্তা।

রোববার রাথেডুয়াং শহরের উপকণ্ঠে সেনাবাহিনী অপহরণকারীদের তিনটি নৌকা দেখতে পেয়ে সরাসরি গুলি চালায়।

এএ’র বিবৃতিতে বলা হয়, “সেখানে অনেকেই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। কারণ নৌকার ভেতর আড়াল নেওয়ার উপায় ছিল না।”

বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে জানতে মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্রকে ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এ মাসের শুরুতে বিচ্ছিন্নতাবাদীরা খেলোয়াড়দের ছদ্মবেশ নিয়ে বেশ কয়েকজন ফায়ারফাইটার এবং বেসামরিক নাগরিককে অপহরণ করে। তাদের বর্তমান অবস্থা সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।