যুক্তরাষ্ট্র থেকে মস্কোয় ফিরলেন রুশ গুপ্তচর মারিয়া
যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার কারাগারে ১৫ মাসের বেশি সময় ধরে বন্দি থাকার পর মুক্তি পেয়ে রাশিয়ার ফিরেছেন রুশ গুপ্তচর মারিয়া বুতিনা।
মার্কিন অভিবাসন কর্মকর্তারা মারিয়াকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়ন করার পর শনিবার তিনি মস্কোর শেরেমিতিয়েভা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামলে তার বাবা ও রাশিয়ার সাংবাদিকরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দেশে ফিরে আবেগধরা গলায় বুতিনা সাংবাদিকদের বলেন, “রুশরা কখনো আত্মসমর্পণ করে না।”
এর সময় তার পাশে তারা বাবা ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র উপস্থিত ছিলেন। হাতে ধরা সাদা গোলাপের একটি তোড়া নিয়ে ৩০ বছর বয়সী এই স্নাতকের ছাত্রী তার সমর্থকদের ধন্যবাদ জানান ও দেশে ফিরতে পেরে তিনি খুশি বলে জানান।
গুপ্তচরবৃত্তির অভিযোগে মারিয়া বুতিনাকে এ বছরের শুরুর দিকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছিল যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। এর আগে গত বছর জুলাই থেকেই তিনি গ্রেপ্তার হয়ে হেফাজতে ছিলেন বলে জানিয়েছে সিএনএন।
রুশ নারী বুতিনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌঁসুলিদের অভিযোগ, তিনি রাশিয়ার সরকারি গোয়েন্দা। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।
মারিয়া বুতিনার বাড়ি সাইবেরিয়ায়। তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে যান। তবে আড়ালে তিনি রাশিয়ার সরকারের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে বুতিনার কারদণ্ডের পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং বুতিনা রাশিয়ার গোয়েন্দা বিভাগ থেকে কোনো নির্দেশই পালন করেনি বলে জানিয়েছিলেন।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ও গত বছর বুতিনাকে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেছিল।
