মিয়ানমারের রাখাইনে বিদ্রোহীদের হামলায় ২ পুলিশের মৃত্যু
মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশের একটি ট্রাকে দূরনিয়ন্ত্রিত মাইন বিস্ফোরণের ঘটনায় দুই পুলিশের মৃত্যু হয়েছে ও আরও পাঁচ ব্যক্তি আহত হয়েছেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে রাজ্যটির বুথিডাং শহরে এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির তথ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে দ্য ইরাওয়ার্দি।
মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের ট্রাকটি মংডু জেলা আদালত থেকে বন্দিদের বহনকারী একটি গাড়িকে পাহারা দিয়ে বুথিডাং শহরে নিয়ে যাচ্ছিল। শহরের কাছাকাছি আসার পর পুলিশের ট্রাকটি লক্ষ্য করে মাইন বিস্ফোরণ ঘটানো হয়।
ট্রাকটিতে ১৪ জন পুলিশ সদস্য ও বন্দিদের বহনকারী গাড়িটিতে ১০ জন বিচারাধীন বন্দি ছিলেন বলে তথ্য মন্ত্রণালয় জানিয়েছে।
দূরনিয়ন্ত্রিত বিস্ফোরক ডিভাইস দিয়ে ও হাল্কা অস্ত্র ব্যবহার করে বিদ্রোহী আরাকান আর্মি (এএ) হামলাটি চালিয়েছে বলে শুক্রবার মন্ত্রণালয়টির প্রকাশ করা বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, হামলার পাঁচ পুলিশ ও দুই বন্দি আহত হন। আহত দুই পুলিশ সদস্য পরে মারা যান। অপর আহতদের বুথিডাং সামরিক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাখাইন রাজ্যের পুলিশ প্রধান কর্নেল কাই লিন হামলার ঘটনার কথা নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানেন না বলে জানিয়েছেন।
