২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে ট্রাকে ৩৯ লাশের ঘটনায় গ্রেপ্তার ২

যুক্তরাজ্যে লরির কন্টেইনারে ৩৯ লাশ পাওয়ার ঘটনা তদন্তে পুলিশ মানবপাচারকারী ও নরঘাতক সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Oct 2019, 09:49 PM

Updated : 08 Apr 2022, 04:55 PM

এদের একজন পুরুষ এবং একজন নারী। দুইজনেরই বয়স ৩৮।

শুক্রবার উত্তরপশ্চিম ইংল্যান্ডের ওয়ারিংটন শহর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এসেক্স এর পুলিশ।

ওদিকে, লাশগুলোর কোনোটি ভিয়েতনামের নাগরিকেরও হতে পারে বলে আভাস মিলেছে।

ফরেনসিক বিশেষজ্ঞরা লাশ সনাক্তকরণের প্রক্রিয়া শুরু করার পর এক মানবাধিকার কর্মী বলেছেন, লাশগুলোর অন্তত একটি ভিয়েতনামী নারীর হয়ে থাকতে পারে।

পুলিশ বলছে, সব লাশই চীনের নাগরিকদের। তবে বেইজিং বলেছে, তাদের জাতীয়তা এখনো যাচাই করে দেখা হয়নি।

ব্রিটিশ কর্তৃপক্ষ থেকে খুব শিগগিরই লাশগুলোর পরিচয় যাচাই এবং নিশ্চিত করে কি হয়েছে তা বের করার পাশাপাশি এ ঘটনায় জড়িতদের কঠোর সাজা দেওয়া হবে- চীন এমনটিই আশা করে বলে দৈনিক এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং।

বৃহস্পতিবার পুলিশ জানায়, উদ্ধার পাওয়া লাশগুলোর ৮ টি নারীর আর ৩১ টি পুরুষের বলে তারা নিশ্চিত হয়েছেন এবং সবগুলো লাশই চীনের নাগরিকদের বলে ধারণা করছেন।

খুনের সঙ্গে জড়িত সন্দেহে লরিটির ২৫ বছর বয়সী চালক মো রবিনসনকে গ্রেপ্তার করে এসেক্স পুলিশ। রবিনসন নর্দার্ন আয়ারল্যান্ডের আর্মাগ কাউন্টির পোর্টাডাউনের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, উত্তর আয়ারল্যান্ডে তল্লাশি এখনো চলছে এবং লরির চালককেও এখনো জেরা করা হচ্ছে।

লরির শীততাপ নিয়ন্ত্রিত যে ট্রেইলারের ভেতর লাশগুলো পাওয়া গিয়েছিল সেটি বেলজিয়ামের জিব্রুগা বন্দর থেকে বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে টেমস নদীর পারফ্লিট নদীবন্দরে আসে। রাত ১টা পাঁচ মিনিটের একটু পরে লরি ও ট্রেইলারটি পারফ্লিটের বন্দর ত্যাগ করে।

এরপর রাত ১টা ৩০ মিনিটের দিকে অ্যাম্বুলেন্স কর্মীরা নিকটবর্তী গ্রেইস শহরের ওয়াটারগ্লেইড শিল্প পার্ক এলাকায় ট্রেইলারটির ভিতরে মৃতদেহগুলো পায়।

এসেক্স পুলিশের উপপ্রধান কনস্টেবল পিপা মিলস জানান, লরিটিকে পরে টিলবুরি ডকসের একটি সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মৃতদেহগুলো মর্যাদার সঙ্গে সংরক্ষণ ও উদ্ধারের জন্য এমনটি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

১১ টি লাশের ময়নাতদন্ত শুরু হয়েছে এবং ফরেনসিক বিশেষজ্ঞরা লাশগুলো সনাক্তের চেষ্টা করছেন। কিভাবে এতগুলো মানুষের মৃত্যু হল এবং মানবপাচার চক্রে কারা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবারেই ব্রিটিশ কর্তৃপক্ষ ৩৯ লাশের মধ্য থেকে ১১ টি লাশ হাসপাতালের মর্গে নিয়েছে পরীক্ষা নিরীক্ষার জন্য। মৃতদের সনাক্ত করার প্রক্রিয়ায় কিছু সময় লাগবে বলে জানিয়েছে পুলিশ।