২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারাবন্দি উইঘুর অধ্যাপককে মানবাধিকার পুরস্কার দিল ইইউ

ইউরোপীয় পার্লামেন্ট এ বছর চীনের উইঘুর সম্প্রদায়ের কারান্তরীণ বিশিষ্ট অর্থনীতি অধ্যাপক ইলহাম তোহতিকে সর্বোচ্চ মানবাধিকার পুরস্কারে ভূষিত করেছে। এতে ক্ষুব্ধ হয়েছে চীন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Oct 2019, 09:22 PM

Updated : 08 Apr 2022, 04:55 PM

চীনের পশ্চিমাঞ্চলীয় সিনঝিয়াংয়ে উইঘুর মুসলিমদের বৃহত্তর স্বায়ত্ত্বশাসনের পক্ষে কথা বলায় ২০১৪ সালে বিচ্ছিন্নতাবাদের অভিযোগে তোহতিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় চীন। বিশিষ্ট এ উইঘুর অর্থনীতিবিদ এবং বুদ্ধিজীবীকে চীন অপরাধী এবং সন্ত্রাসী হিসাবেই গণ্য করে।

তোহতি বছরের পর বছর ধরে উইঘুর সম্প্রদায়ের ওপর চীন সরকারের কড়াকড়ির বিরুদ্ধে কথা বলে এসেছেন এবং উভয়পক্ষের মধ্যে আলোচনারও আহ্বান জানিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) স্বাধীন চিন্তার জন্য তোহাতিকে ২০১৯ সালের শাখারভ পুরষ্কারের জন্য বেছে নিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইইউ তাকে পুরষ্কৃত করার ঘোষণা দিয়েছে।

বিবৃতিতে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি বলেছেন, “তোহতির কণ্ঠে ধ্বনিত হয়েছে সংযম এবং সম্প্রীতির সুর। তাকে এ পুরষ্কার দিয়ে আমরা চীন সরকারের কাছে তাকে মুক্তি দেওয়ার পাশাপাশি চীনে সংখ্যালঘুদের অধিকারকে সম্মান প্রদর্শনের জোরাল আহ্বান জানাচ্ছি।”

কিন্তু ইইউ এর এ পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “আপনারা যে পুরষ্কারের কথা বলছেন তা আমরা জানিনা। আমরা যা জানি তা হচ্ছে, ইলহাম তোহতি একজন অপরাধী। তাকে চীনের আদালতে আইনানুযায়ী সাজা দেওয়া হয়েছে। সব পক্ষই চীনের অভ্যন্তরীন বিষয়সহ বিচারবিভাগীয় স্বাধীনতাকে সম্মান প্রদর্শন করবে এবং সন্ত্রাসীদের ঔদ্ধত্যকে বাড়ানোর পদক্ষেপ নেবে না বলেই চীন আশা করে।”