সমাধিস্তম্ভ থেকে কবরে সরছে স্পেনের ফ্রাঙ্কোর মৃতদেহ
মৃত্যুর ৪৪ বছর পর স্পেনের সাবেক স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর মৃতদেহ সমাধিস্তম্ভ থেকে কবরে সরিয়ে নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার দীর্ঘ প্রতীক্ষিত এ স্থানান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশটির সোশালিস্ট সরকারের দেওয়া উল্লেখযোগ্য একটি প্রতিশ্রুতি পূরণ হতে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
প্রায় চার দশক শাসন করা এক ফ্যাসিস্টের গুণকীর্তন করা স্পেনের আর উচিত হবে না বলে পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন সোশালিস্ট সরকার দীর্ঘদিন ধরেই বলে আসছিল।
ফ্রাঙ্কোর পরিবার এ স্বৈরশাসকের মৃতদেহ স্থানান্তরের প্রক্রিয়ার বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ জানিয়েও সুবিধা করতে পারেনি।
বিবিসি লিখেছে, স্পেনে কয়েক দশক ধরে গণতান্ত্রিক প্রক্রিয়া চললেও ফ্রাঙ্কোর স্বৈরশাসনকাল দেশটিকে এখনো তাড়া করে ফিরছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ‘ভ্যালি অব দ্য ফলেন’ সমাধিস্তম্ভ থেকে ফ্রাঙ্কোর মৃতদেহ উত্তোলন পর্ব শুরু হওয়ার কথা। কফিন বোঝাই ওই মৃতদেহ পরে হেলিকপ্টারে করে মাদ্রিদের এল পার্দো স্টেট সিমেট্রিতে নিয়ে যাওয়া হবে।
ভ্যালি অব দ্য ফলেন সমাধিস্থলের অবস্থান মাদ্রিদ থেকে ৫০ কিলোমিটার দূরে। এখান থেকে ফ্রাঙ্কোর মৃতদেহ উত্তোলনের সময় বিচারমন্ত্রী, একজন ফরেনসিক বিশেষজ্ঞ, একজন ধর্মযাজক এবং ফ্রাঙ্কোর ২২ বংশধরকে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়েছে।
এল পার্দো স্টেট সিমেট্রিতে ফ্রাঙ্কোর কফিন ঢেকে দেওয়া হবে এক হাজার ৫০০ কেজির একটি কংক্রিটের স্ল্যাব দিয়ে। একই কবরস্থানে ফ্রাঙ্কোর স্ত্রীও সমাহিত আছেন।
১৯৩৬ থেকে ১৯৩৯ পর্যন্ত স্পেনের গৃহযুদ্ধে মৃত ৩০ হাজার মানুষকে ভ্যালি অব দ্য ফলেনে সমাহিত করা হয়েছে। ওই গৃহযুদ্ধে ফ্রাঙ্কোর জাতীয়তাবাদী বাহিনী প্রজাতন্ত্রী সরকারকে পরাজিত করে।
টানা ৩৬ বছর ক্ষমতায় থাকার পর ১৯৭৫ সালে ফ্রাঙ্কোর মৃত্যু হলে স্পেনে গণতন্ত্রের দ্বার উন্মোচিত হয়।
সাবেক এ স্বৈরশাসকের মৃতদেহ উত্তোলন, স্থানান্তর ও পুনরায় কবর দেয়ার প্রক্রিয়ায় প্রায় ৬৩ হাজার ইউরো খরচ হবে বলে স্পেনের গণমাধ্যমগুলো জানিয়েছে।
পুনরায় সমাহিত করার আগে ফ্রাঙ্কোর কফিনে স্পেনের পতাকা জুড়ে দিতে তার পরিবার আবেদন জানালেও তা প্রত্যাখ্যাত হয়েছে।
সাবেক স্বৈরশাসকের মৃতদেহ উত্তোলন ও পুনরায় সমাহিত করার এ প্রক্রিয়া নিয়ে প্রেম জুড়ে তীব্র বিতর্ক চলছে।
স্পেনিশ দৈনিক এল মুন্ডোর এক জরিপে দেখা গেছে, ৪৩ শতাংশ মানুষ সরকারের এ পদক্ষেপকে সমর্থন করলেও ৩২ দশমিক ৫ শতাংশ এর বিরোধী।
ফ্রাঙ্কো আমলে নিহত অনেকের পরিবার ও তাদের বংশধররা সরকারের এ পদক্ষেপে সন্তোষ জানিয়েছে।
ভ্যালি অব দ্য ফলেনে একইসঙ্গে ফ্রাঙ্কোর সমর্থক ও বিরোধীদের সমাহিত করায় নিহতদের পরিবারগুলোর মধ্যে অসন্তোষ ছিল।
“ফ্রাঙ্কোর বাহিনীর হাতে নিহতদের সঙ্গে একই স্থানে ফ্রাঙ্কোকে সমাহিত করার চিন্তা ছিল অদ্ভুত। তারা (ফ্রাঙ্কোর সমর্থক) এখনো তার এমন গুণকীর্তন করে যাচ্ছে যেন তিনি স্পেনকে রক্ষা করেছিলেন,” বলেছেন সিলভিও নাভারো। তার বড় চাচা ১৯৩৬ সালে ফ্রাঙ্কোর বাহিনীর হাতে নিহত হয়েছিলেন।
ডানপন্থি দলগুলোর অভিযোগ, সামনের নির্বাচনে ভোট বাড়াতে সানচেজের সোশালিস্ট সরকার ফ্রাঙ্কোর মরদেহ নিয়ে রাজনীতি করছে।
সাবেক এই স্বৈরশাসকের বংশধররা গত মাসে ফ্রাঙ্কোকে পারিবারিক কবরস্থানে সমাহিত করতে সুপ্রিম কোর্টে আবেদন করলেও তা গৃহীত হয়নি।
