২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংয়ে শিক্ষাবর্ষের প্রথমদিন ১০ হাজার শিক্ষার্থীর ক্লাস বর্জন

গণতন্ত্রপন্থি আন্দোলনকারীদের ডাকে হংকংয়ে নতুন শিক্ষা বছরের প্রথম দিন মাধ্যমিক স্কুল ও বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী ক্লাস বর্জন করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2019, 09:46 PM

Updated : 08 Apr 2022, 04:39 PM

বিক্ষোভের আয়োজকরা জানান, এদিন প্রায় দুইশ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ হাজারের বেশি শিক্ষার্থী স্কুলে যায়নি।

হংকং জুড়ে আন্দোলনকারীদের দুইদিনের ধর্মঘটের ডাকে সাড়া দিয়ে শিক্ষার্থীরা সোমবার স্কুলে না যাওয়ার এ সিদ্ধান্ত নেয় বলে জানায় বিবিসি।

চীনের মূলভূখণ্ডে বন্দি প্রত্যর্পণ নিয়ে প্রস্তাবিত একটি বিল বাতিলের দাবিতে গত ১৪ সপ্তাহ ধরে হংকংয়ে টানা আন্দোলন চলছে। শিক্ষার্থীরাই মূলত এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে। যা ধীরে ধীরে হংকংয়ের স্বাধীনতা আন্দোলনের রূপ নিচ্ছে।

আন্দোলনকারীদের শান্ত করতে হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম প্রথমে প্রস্তাবিত বিলকে ‘মৃত’ ঘোষণা করেন। কিন্তু আন্দোলনকারীরা ওই বিল সম্পূর্ণ বাতিল করার দাবি জানিয়েছে।

চাপের মুখে ক্যারি লাম বিল বাতিল করতে চাইছেন, কিন্তু চীন সরকারের আপত্তিতে তা সম্ভব হচ্ছে না বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক তিন সরকারি কর্মকর্তা।

এদিকে যত দিন গড়াচ্ছে হংকংয়ে আন্দোলন তত সহিংস রূপ নিচ্ছে। গত শনিবার আন্দোলনকারীরা পুলিশের দিকে পেট্রোল বোমা ও জ্বলন্ত আগুন ছোড়ে এবং নগরীর পার্লামেন্ট ভবনে আগুন দেয়।

জবাবে পুলিশ টিয়ার গ্যাসের শেল, রাবার বুলেট এবং জলকামান ব্যবহার করে। আন্দোলনকারীদের সতর্ক করতে আকাশে ফাঁকা গুলি ছোড়ার খবরও পাওয়া গেছে বলে জানায় বিবিসি।

পুরনো খবর:

বিক্ষোভ থামাতে হংকং সরকারের পরিকল্পনা ভেস্তে দিয়েছে চীন
হংকংয়ে সহিংসতা ভয়ানক রূপ নিচ্ছে: ক্যারি লাম