দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্কের পুনর্বিচারের নির্দেশ আদালতের
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই এর ঘুষ দুর্নীতি মামলার পুনর্বিচারের রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।
দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গত বছর দোষী সাব্যস্ত পার্ক জিউন হাইয়ের ২৫ বছরের কারাদণ্ড হয়েছে।
বৃহস্পতিবার শীর্ষ আদালত বলেছে, ঘুষ গ্রহণের অভিযোগে পার্কের ভিন্ন সাজার রায় হওয়া এবং এ মামলা পুনর্বিচারের জন্য নিম্ন আদালতে পাঠানো উচিত।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমগুলো বলছে, পুনর্বিচারে দোষী সাব্যস্ত হলে পার্ক জিউন-হাইয়ের কারাদণ্ডের মেয়াদ আরো বাড়তে পারে।
পার্ক এর বিরুদ্ধে অভিযোগ, পুরনো বান্ধবী চই সুন-সিলের সঙ্গে যোগসাজশে তিনি স্যামসাং ও লোটের মত কোম্পানিকে অবৈধ সুবিধা দিয়ে ৭৭.৪ বিলিয়ন উয়ন নিয়েছেন এবং ওই অর্থে চইয়ের নামে দুটি দাতব্য সংস্থা গড়ে তুলেছেন।
সুপ্রিম কোর্ট পার্কের পাশাপাশি স্যামসাং গ্রুপের উত্তরাধিকারী লি জে-ইয়ংকেও ঘুষের মামলায় পুনর্বিচার করার নির্দেশ দিয়েছে। দক্ষিণ কোরিয়ার একটি আপিল আদালত ২০১৭ সালে লি জে-ইয়ং এর পাঁচ বছরের কারাদণ্ড স্থগিত করে তাকে মুক্তি দিয়েছিল।
