ইরান-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকের প্রস্তুতি চলছে: ম্যাক্রোঁ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যে আগামী কয়েকসপ্তাহের মধ্যে একটি শীর্ষ বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে।
পরমাণু চুক্তির বিষয়টি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান অচলাবস্থা অবসানের পথ খোঁজাই এ বৈঠকের লক্ষ্য বলে সোমবার জানিয়েছেন তিনি।
জি-৭ বৈঠকের শেষে এক সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেছেন, “আমাদের জন্য দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ হতে দেওয়া যাবে না। আর চলামান পরিস্থিতি যেন আঞ্চলিক স্থিতিশীলতায় হুমকি না হয়ে দাঁড়ায়।”
তিনি বলেন, “দু’নেতার মধ্যে একটি বৈঠক আয়োজন করার জন্য আলোচনা চলছে। আশা করি এ আলোচনার ওপর ভিত্তি করে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা প্রেসিডেন্ট রুহানি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক অনুষ্ঠানের ব্যবস্থা করতে পারব।”
ট্রাম্প এবং রুহানি দুইজনই সেপ্টেম্বরের শেষ দিকে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
