২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-পাকিস্তান কাশ্মীর বিরোধ নিজেরাই মেটাতে পারে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আগে কাশ্মীর নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দিলেও এবার বিষয়টি দ্বিপক্ষীয় বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় সায় দিয়েছেন। বলেছেন, ভারত-পাকিস্তান নিজেরাই এ বিরোধ মেটাতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2019, 06:29 PM

Updated : 08 Apr 2022, 04:37 PM

তবে প্রয়োজন পড়লে ট্রাম্প তাদেরকে সহায়তা করতে প্রস্তুত বলেও ফের জানিয়েছেন।

ফ্রান্সে জি-৭ সম্মলেনের ফাঁকে সোমবার এক বৈঠকে ট্রাম্প ও মোদী কাশ্মীর প্রসঙ্গ নিয়ে আলাপ করেন। তখনই কাশ্মীর ইস্যুটি দ্বিপক্ষীয় এবং এতে মধ্যস্থতার প্রয়োজন নেই বলে ট্রাম্পকে বুঝিয়ে দেন মোদী।

পরে সাংবাদিক সম্মেলনে মোদী জানান ভারত ও পাকিস্তানের দ্বিপক্ষীয় ইস্যুতে তৃতীয় কোনো দেশের মধ্যস্থতা বরদাস্ত করা হবে না। দু’দেশের সমস্যা নিজেরাই আলোচনা করে সমাধান করার ব্যাপারে বিশ্বাসী বলেও জানান তিনি।

ওদিকে ট্রাম্পও সাংবাদিকদের বলেন, তারা কাশ্মীর নিয়ে কথা বলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে বলেছেন, তিনি কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন।  তাই এ বিষয়ে বিশ্বের অন্য কোনও দেশের আর কষ্ট করার প্রয়োজন নেই। ভারত-পাকিস্তান একসঙ্গে আলোচনা করে নিজেদের সমস্যা সমাধান করতে সক্ষম বলে তিনি বিশ্বাস করেন।

গত ৫ অগাস্ট ভারত সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের যুক্তরাষ্ট্র সফরের সময় ট্রাম্প বলেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার অনুরোধ জানিয়েছেন। তখন সেকথা নিয়ে  ভারতে তীব্র প্রতিক্রিয়া হয়েছিল।

ভারত ট্রাম্পকে মধ্যস্থতার অনুরোধ জানানোর কথা অস্বীকার করে। তার পরও ট্রাম্প বলেছিলেন, কাশ্মীর বিরোধে তিনি মধ্যস্থতা করতে চান। তবে এবার আর সেই প্রসঙ্গ তোলেননি ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এ অবস্থানকে ভারত তাদের কূটনৈতিক জয় হিসেবেই দেখছে।