ইরানে ফ্রাঙ্কো-ইরানি নৃবিজ্ঞানী আটক, উদ্বিগ্ন ফ্রান্স
ইরানকে নিয়ে চলমান উত্তেজনা প্রশমনে ফ্রান্সের উদ্যোগের মধ্যেই তেহরানে আটক হয়েছে এক ফরাসি-ইরানি নৃবিজ্ঞানী।
ইরান মঙ্গলবারই দ্বৈত নাগরিকত্ব থাকা ওই নৃবিজ্ঞানী ফারিবা আদেলখাহকে আটকের খবর নিশ্চিত করে জানিয়েছে। তবে তার সম্পর্কে আর কোনো তথ্য তারা দেয়নি। এ ঘটনা চলমান উত্তেজনাকর পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।
প্যারিসের পক্ষ থেকে একদিন আগেই তেহরানের কাছে ফারিবার অবস্থান জানতে চাওয়ার পর তারা তাকে আটকের খবর নিশ্চিত করল। সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ৬০ বছরের ফারিবা গ্রেপ্তার হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ইরানের কাছে ফারিবা আটকের ঘটনার ব্যাখ্যা দাবি করেছেন।
মঙ্গলবার ইরানের বিচার বিভাগের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, “এই ব্যক্তিকে সম্প্রতি আটক করা হয়েছে। কিন্তু এটা যে ধরনের মামলা তাতে এ বিষয়ে আর কোনো তথ্য দেওয়ার সঠিক সময় এখনো আসেনি। মামলার অগ্রগতির পর আরো স্বচ্ছ তথ্য দেওয়া হবে।”
প্যারিসের একটি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রিসার্চ ফেলো ফারিবাকে গত জুনে ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড বাহিনী আটক করে। স্থানীয় ওয়েবসাইট ‘ইরানওয়্যার’ গত রোববার নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছিল।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ‘কোনো বিলম্ব না করে’ ফারিবার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। যদিও তেহরান থেকে এ দাবির বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে কথা বলবেন বলে ঘোষণা দিয়েছেন। তার এ উদ্যোগের মধ্যেই এমন ঘটনা ঘটল।
২০১৫ সালের ইরান পরমাণু চুক্তি থেকে গত বছর সরে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে দেশটির উপর সব ধরনের নিষেধাজ্ঞা পুনর্বহাল করে এবং নতুন করে আরো বেশ কয়েকটি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। যার জেরে সম্প্রতি ইরান তাদের ইউরেনিয়াম মজুদ বাড়িয়ে চুক্তির প্রতিশ্রুতি লঙ্ঘন করছে।
অন্যদিকে, চুক্তিতে থাকা ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় দেশগুলো চুক্তিটি বাঁচানোর চেষ্টা করছে। আর এজন্য তারা উত্তেজনা কমাতে আরো বেশি কূটনীতির আশ্রয় নিচ্ছে। ওদিকে ইরানও বাণিজ্য ও বিনিয়োগের নিশ্চয়তা পেতে ইউরোপীয় দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করছে।
মানবাধিকার কর্মীরা অভিযোগ করে বলেছে, ইরান বিভিন্ন দেশের কাছ থেকে নানা ছাড় আদায় করতে দ্বৈত নাগরিকত্ব থাকা লোকজনকে গ্রেপ্তার করছে। তবে ইরান এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে।
