২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ রাষ্ট্রদূত দেশের জন্য ঠিকমত কাজ করছেন না: ট্রাম্প

যুক্তরাষ্ট্র প্রশাসনকে ‘অকর্মা’ ও ‘অযোগ্য’ আখ্যা দেওয়া ব্রিটিশ রাষ্ট্রদূত ‘যুক্তরাজ্যের জন্য ঠিকমত কাজ করছেন না’ বলে পাল্টা তীর ছুড়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2019, 10:17 PM

Updated : 08 Apr 2022, 04:24 PM

ওয়াশিংটনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত কিম ডেরক লন্ডনে পাঠানো কিছু ইমেইল বার্তায় ট্রাম্প প্রশাসনকে একেবারেই অকার্যকর, বিভক্ত, অদক্ষ এবং অনিরাপদ বলেও মন্তব্য করেন।

রোববার ‘ডেইলি মেইল’ পত্রিকা ফাঁস হওয়া ওই ইমেইলগুলো  প্রকাশ করলে বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়।

ডেরকের মন্তব্য নিয়ে সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চাইলে তিনি বলেন, “না, আমি এটি দেখিনি। কিন্তু আপনারা জানেন, কয়েকটি দেশের সঙ্গে আমাদের কিছুটা হলেও গভীর সম্পর্ক আছে এবং আমি যুক্তরাজ্যকে এটাই বলব। ওই রাষ্ট্রদূত যুক্তরাজ্যের জন্য ঠিকমত কাজ করছেন না, আমি আপনাদের এটাই বলতে পারি।”

“আমরা ওই ব্যক্তিকে খুব একটা পছন্দ করি না এবং তিনি যুক্তরাজ্যের জন্য ঠিকমত কাজও করছেন না। তাই আমি বিষয়টা বুঝতে পারছি। আমি তার সম্পর্কেও অনেক কথা বলতে পারি, কিন্তু আমি এটা নিয়ে মাথা ঘামাব না।”

ডেরকের পাঠানো গোপন ওই ইমেইলগুলো কিভাবে ফাঁস হল তা তদন্ত করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র বিষয়ক সিলেক্ট কমিটি।

পুরনো খবর:

ট্রাম্প প্রশাসনকে ‘অকর্মা’ আখ্যা দিলেন ব্রিটিশ রাষ্ট্রদূত