যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত কঙ্গোর যুদ্ধবাজ নেতা বস্কো এনটাগান্ডা
ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর সাবেক বিদ্রোহী যুদ্ধবাজ নেতা বস্কো এনটাগান্ডাকে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
কঙ্গোর ‘টারমিনেটর’ খ্যাত বস্কো এনটাগান্ডা সাধারণ নাগরিকদের ওপর নির্বিচরে ভয়ানক হত্যাকাণ্ড চালিয়েছিলেন। খুন, ধর্ষণ, যৌনদাসত্ব এবং শিশুসেনা ব্যবহারের মতো একাধিক অভিযোগ আছে তার বিরুদ্ধে।
সব মিলিয়ে ১৮ টি অভিযোগে আদালত সোমবার তাকে দোষী সাব্যস্ত করেছে। এর মধ্যে যুদ্ধাপরাধের অভিযোগ ১৩ টি এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ৫ টি।
আদালতের পরবর্তী শুনানিতে এনটাগান্ডার সাজা ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিবিসি। ২০০২ সালে আইসিসি’র প্রতিষ্ঠালগ্ন থেকে এ নিয়ে এ পর্যন্ত চারজন দোষী সাব্যস্ত হল। এনটাগান্ডা আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ৩০ দিন সময় পাবেন।
কে এই বস্কো এনটাগান্ডা?
৪৬ বছর বয়সী এ সাবেক বিদ্রোহী নেতা রুয়ান্ডা এবং কঙ্গোয় বহু সশস্ত্র সংঘর্ষে জড়িত ছিলেন। ১৯৭৩ সালে জন্মের পর রুয়ান্ডাতেই তার বেড়ে ওঠা। জাতিগত তুতসিদের ওপর হামলা শুরু হওয়ার পর কিশোর বয়সে কঙ্গোয় পালিয়ে গিয়েছিলেন এনটাগান্ডা।
১৭ বছর বয়স থেকেই কখনো বিদ্রোহী আবার কখনো সেনা হয়ে রুয়ান্ডা এবং কঙ্গো দুই জায়গাতেই লড়েছেন তিনি। ২০০২-৩ সালে তিনি কঙ্গোর ইতুরি অঞ্চলে মিলিশিয়া নেতা ছিলেন। সেখানে দলে শিশু সেনা নিয়োগের কারণে ২০০৬ সালে আইসিসিতে অভিযুক্ত হন তিনি।
এনটাগান্ডার নির্দেশেই সেনারা ২০০৮ সালে কঙ্গোর পূর্বাঞ্চলীয় কিওয়াঞ্জা শহরে ১৫০ জনকে হত্যা করে। ২০০৯ সালে তিনি কঙ্গোলিজ ন্যাশনাল আর্মিতে যোগ দেন এবং জেনারেল হন।
২০১২ সালে আর্মি থেকে বেরিয়ে গিয়ে এনটাগান্ডা নতুন বিদ্রোহের সূচনা করেন। সে সময় ৮ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। তার বিদ্রোহী গ্রুপটি ভেঙে যাওয়ার পর ২০১৩ সালে এনটাগান্ডা রুয়ান্ডায় কিগালির মার্কিন দূতাবাসে আত্মসমর্পণ করেন।
