২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকা মুক্ত বাণিজ্য অঞ্চল চুক্তিতে নাইজেরিয়া

আফ্রিকার দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য অঞ্চল চালুর চুক্তিতে সই করেছে নাইজেরিয়া। আফ্রিকার দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়ানোই এ চুক্তির লক্ষ্য।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2019, 07:38 PM

Updated : 08 Apr 2022, 04:24 PM

নাইজেরিয়া এতে সই করায় এখন আফ্রিকার দেশগুলোর মধ্যে একমাত্র ইরিত্রিয়াই এ বাণিজ্যিক ব্লকের বাইরে রইল।

নাইজারে আফ্রিকান ইউনিয়নের (এইউ) চলমান সম্মেলনে নাইরেজিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি ওই চুক্তিতে স্বাক্ষর করেন বলে রোববার জানিয়েছে বিবিসি।

চুক্তির প্রথম ধাপে ব্লকের অন্তর্ভুক্ত দেশগুলোর পণ্যের উপর শুল্ক প্রত্যাহার করে নেওয়ার কথা বলা হয়েছে। তবে কবে নাগাদ শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর হবে তা এখনো ঘোষণা করা হয়নি।

বর্তমানে আফ্রিকার দেশগুলো তাদের পণ্য ও সেবার মাত্র ১৬ শতাংশ নিজেদের মধ্যে আমদানি-রপ্তানি করে।  তাদের মূল বাণিজ্য ইউরোপের দেশগুলোর সঙ্গে, যা প্রায় ৬৫ শতাংশ।

আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়া (এএফসিএফটিএ) চুক্তি কার্যকর হলে ২০২২ সাল নাগাদ আফ্রিকার দেশগুলোর নিজেদের মধ্যে বাণিজ্য বেড়ে ৬০ শতাংশ হবে বলে আশা এইউ’র।

আফ্রিকার দেশগুলোর মধ্যে নাইজেরিয়ার অর্থনীতিই সবচেয়ে বড় এবং দেশটি দীর্ঘদিন ধরে ওই অঞ্চলের নেতৃত্ব দিয়ে আসছে।

গত বছর এএফসিএফটিএ চুক্তি সই করার মাত্র কয়েকদিন আগে নাইজেরিয়া সরে দাঁড়িয়েছিল। যার কারণে চুক্তির ভবিষ্যতই অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল।