২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসের ভাষণে ভুল করে ফের ‍উপহাসের পাত্র ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নানা সময়ে নানা কিছু নিয়ে সমালোচিত হয়েছেন। টুইটারে ভুল পোস্ট দিয়ে হয়েছেন উপহাসের পাত্রও। এবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ভাষণে ঐতিহাসিক ভুল করে ট্রাম্প আবারো উপহাসের পাত্র হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2019, 11:53 PM

Updated : 08 Apr 2022, 04:24 PM

এ বিশেষ দিনে ট্রাম্প তার ভাষণের পুরোটা জুড়েই মূলত আমেরিকার সেই বিপ্লবী যুদ্ধে কন্টিনেন্টাল আর্মির জয়গান করেছেন। আর তা করতে গিয়েই ভুলটি করে বসেন তিনি। ট্রাম্প বলে বসেন, ১৭৭৫ সালের যুদ্ধে মার্কিন বাহিনী ব্রিটিশদের কাছ থেকে “বিমানবন্দরের দখল নিয়েছিল।”

সমালোচকরা সঙ্গে সঙ্গেই ভুলটি ধরিয়ে দিয়ে বলেছেন, ১৭৭৫ সালে কোনো বিমানবন্দর এবং বিমান ছিল না। কারণ, মার্কিন দুই ভাই অরভিল ও উইলবার রাইট প্রথম শক্তিচালিত উড়োজাহাজ আবিষ্কার করেছিলেন ১৯০৩ সালে।

ট্রাম্পের এ ভুল নিয়ে টুইটারে অনেকেই তাকে উপহাস করেছেন। অনেকে বেলুনে করে সেনাদের ওড়ার ছবি পোস্ট করে ‘ব্রিটিশ বাহিনীর কাছ থেকে আমেরিকার কন্টিনেন্টাল আর্মির বিমানবন্দর দখলের আসল চিত্র’ লেখা ক্যাপশন দিয়ে ব্যঙ্গ করেছেন।

তবে ভাষণে কেবল একটি ভুলই করেননি ট্রাম্প। ১৮১২ সালে ব্রিটেনের সঙ্গে হওয়া আমেরিকার আরেক দফা যুদ্ধকেও স্বাধীনতা যুদ্ধের সঙ্গে গুলিয়ে ফেলেছেন তিনি।

যদিও মার্কিন কয়েকটি গণমাধ্যমে বলা হচ্ছে, ভাষণের সময় বৃষ্টি এবং টেলিপ্রম্পটারে সমস্যা হওয়ার কারণে এমনটি হয়ে থাকতে পারে। কারণ, প্রেসিডেন্ট স্ক্রিপ্ট দেখে ভাষণ দিচ্ছিলেন।

গত ৪ জুলাই ট্যাংক-যুদ্ধবিমান নিয়ে এবার যুক্তরাষ্ট্রের ২৪২তম স্বাধীনতা দিবসে ‘স্যালুট টু আমেরিকা’ উৎসব উদযাপন করেছেন ট্রাম্প। গত ৭০ বছরের মধ্যে প্রথমবার কোনও প্রেসিডেন্ট হিসেবে তিনিই স্বাধীনতা দিবসে ভাষণ দিয়েছেন।

১৭৭৬ সালের ৪ জুলাই ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে যুক্তরাষ্ট্র। স্বাধীনতাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়ালে সমবেত হয় বহু মানুষ। আতশবাজির নানা খেলাও দেখে তারা।

দিবসটি উপলক্ষ্যে মার্কিনিদের শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প বলেন,“আমাদের পতাকাকে রক্ষায় গর্বিত জনগণ এবং বীর পুরুষদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ইতিহাস আমরা উদযাপন করছি।”

তবে ট্রাম্পের স্বাধীনতা দিবস উদযাপনের এ পদক্ষেপের সমালোচনা করেছেন বিরোধীরা। তাদের দাবি, এর মধ্য দিয়ে ট্রাম্প অর্থের অপচয় করেছেন এবং আগামী প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের আগে দিয়ে তিনি দেশের এই ছুটির দিনটিকে রাজনীতিকরণ করেছেন।