যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনা আগামী সপ্তাহে
যুক্তরাষ্ট্র এবং চীনের শীর্ষ প্রতিনিধিরা আগামী সপ্তাহেই নতুন করে বাণিজ্য আলোচনা শুরুর আয়োজন করছে। বছরব্যাপী বাণিজ্যযুদ্ধ নিরসনই যার লক্ষ্য। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা একথা বলেছেন।
হোয়াইট হাউজের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুদলো এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেছেন, “আসছে সপ্তাহেই এ আলোচনা চলবে।”
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় থেকে এক কর্মকর্তা পরে বলেছেন, দুই পক্ষই আগামী সপ্তাহে চীনা কর্মকর্তাদের সঙ্গে প্রধান আলোচক-পর্যায়ের একটি ফোনকলের শিডিউল তৈরির প্রক্রিয়ায় নিয়োজিত।
যুক্তরাষ্ট্রের পক্ষের প্রধান আলোচকরা হচ্ছেন মার্কিন বাণিজ্য বিষয়ক প্রতিনিধি রবার্ট লাইটিজার এবং ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মিউচিন। আর চীনের পক্ষের প্রধান আলোচক হচ্ছেন উপপ্রধানমন্ত্রী লিউ হে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত মে মাসে নতুন করে বাণিজ্য আলোচনা শুরু করতে রাজি হওয়ার পর গত সপ্তাহের শেষভাগ থেকে উভয়পক্ষে ফোনে যোগাযোগ চলছে।
তবে আলোচনাটি কবে হবে তা সঠিক বলতে পারেননি হোয়াইট হাউজের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুদলো। তিনি কেবল বলেন আলোচনা শিগগিরই শুরু হবে এবং এ বিষয়ক ঘোষণাও আসন্ন।
