হাফতার বাহিনী হুমকি হয়ে দাঁড়ালে জবাব দেবে তুরস্ক
লিবিয়ার পূর্বাঞ্চলীয় খলিফা হাফতারের বাহিনী হুমকির কারণ হয়ে উঠলে ‘সবচেয়ে কার্যকর এবং কঠোর পন্থায়’ এর জবাব দেওয়ার’ হুমকি দিয়েছে তুরস্ক।
বিবিসি জানায়, তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুস্কি আকার রোববার এ সতর্কবার্তা উচ্চারণ করেন। বিদ্রোহী জেনারেল হাফতারের লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ) সম্প্রতি লিবিয়ার জলসীমায় তুর্কি জাহাজ এবং নাগালের মধ্যে থাকা তুর্কি স্থাপনায় হামলার হুমকি দিয়েছে।
লিবিয়ার পূর্ব ও দক্ষিণের বেশিরভাগ অঞ্চল হাফতার বাহিনী দখলে। গত এপ্রিল থেকে এ বাহিনী লিবিয়ায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
তুরস্ক লিবিয়ার প্রধানমন্ত্রী ফায়াজ আল-সারাজ সরকারকে সমর্থন জানিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান ত্রিপোলির গভার্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড (জিএনএ) এর জন্য অস্ত্র এবং ড্রোন সরবরাহের কথা জানিয়েছেন।
তার যুক্তি, তুরস্কের সহায়তায় জেনারেল হাফতারের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ‘ভারসাম্য’ থাকে। কারণ হাফতার বাহিনী সংযুক্ত আরব আমিরাত এবং মিশরের কাছ থেকে সহায়তা পায়।
২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়াজুড়ে বিশৃঙ্খলা বিরাজ করছে। এ বিশৃঙ্খলা নিরসনে লিবিয়ার সব পক্ষগুলোকে নিয়ে একটি জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিল জাতিসংঘ। এর মধ্যেই গত ৪ এপ্রিল জাতিসংঘকে বিস্মিত করে ত্রিপোলিতে হামলা শুরু করে হাফতারের এলএনএ বাহিনী।
