হাফতারের মার্কিন ও চীনা ক্ষেপণাস্ত্র জব্দ লিবীয় বাহিনীর
লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী পূর্বাঞ্চলীয় বাহিনীর কাছ থেকে একটি শহরের দখল নেওয়ার সময় যুক্তরাষ্ট্র ও চীনের তৈরি অত্যাধুনিক রকেট ও ড্রোন জব্দ করেছে।
গত বুধবার ত্রিপোলিভিত্তিক সরকারি বাহিনী রাজধানীর দক্ষিণে ঘারিয়ান শহরটি পুনরুদ্ধার করার সময় এসব অস্ত্র পায় বলে শনিবার লিবীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
লিবিয়ার সামরিক বাহিনীর সাবেক জেনারেল খলিফা হাফতারের অনুগত পূর্বাঞ্চলীয় বাহিনী ত্রিপোলিতে হামলা চালাতে ঘারিয়ানকে তাদের প্রধান সরবরাহ ঘাঁটি হিসেবে ব্যবহার করতো।
সরকারি বাহিনীর কর্মকর্তারা তাদের জব্দ করা বলে কথিত অস্ত্রশস্ত্র সাংবাদিকদের দেখিয়েছেন। এসব অস্ত্রের মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি উন্নত প্রযুক্তির ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র জাভেলিনও আছে।
তারা চীনের তৈরি অত্যাধুনিক লেজার নিয়ন্ত্রিত কামানের গোলা ও যুদ্ধোপযোগী ড্রোন দেখিয়ে এগুলো জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন। পাশাপাশি দেড়শ জনের মতো বন্দিকেও দেখিয়েছেন তারা।
জাভেলিন ক্ষেপণাস্ত্রের গায়ে লেখা তথ্যানুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনী এগুলোর প্রকৃত মালিক। দেশটি হাফতারের প্রধান সমর্থকদের অন্যতম।
এর আগে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছিল, সংযুক্ত আরব আমিরাত ও মিশর ২০১৪ সাল থেকে হাফতারের অনুগত লিবিয়ান ন্যাশনাল আর্মিকে (এলএনএ) অস্ত্র যুগিয়ে আসছে।
লিবিয়ার সংঘাতে এই প্রথম জাভেলিন ক্ষেপণাস্ত্র দেখা গেল বলে জানিয়েছেন ইসরায়েলি এক নিরাপত্তা বিশ্লেষক।
২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়াজুড়ে বিশৃঙ্খলা বিরাজ করছে। এই বিশৃঙ্খলা নিরসনে লক্ষে লিবিয়ার সব পক্ষগুলোকে নিয়ে একটি জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিল জাতিসংঘ। এ সময়ই চলতি বছরের ৪ এপ্রিল জাতিসংঘকে বিস্মিত করে ত্রিপোলিতে হামলা শুরু করে হাফতারের এলএনএ বাহিনী।
এই বাহিনীটি লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিভিত্তিক সমান্তরাল প্রশাসনের মিত্র হিসেবে ভূমিকা রাখছে।
এদিকে সংযুক্ত আরব আমিরাত ও মিশরের বিপরীতে তুরস্ক ত্রিপোলিভিত্তিক সরকারি বাহিনীকে ড্রোন ও অন্যান্য সামরিক উপকরণ দিয়ে সহায়তা করছে বলে কূটনীতিকরা জানিয়েছেন।
