স্বাধীন চলচ্চিত্র নির্মাণ বৈধ করল কিউবা
একটি ডিক্রি জারি করে দেশের স্বাধীন চলচ্চিত্র শিল্প বৈধ করেছে কিউবার কমিউনিস্ট সরকার।
বৃহস্পতিবার ডিক্রিটি জারি করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জারি করা ওই ডিক্রিতে সরকার বলেছে, “নতুন আইন অনুযায়ী অভিওভিস্যুয়াল ও সিনেমাটোগ্রাফিক নির্মাতাদের স্বাধীন শিল্পী হিসেবে গণ্য করা হবে।”
ওই আইনটি ২৩ অগাষ্ট থেকে কার্যকরী হবে বলে ঘোষণায় জানানো হয়েছে। নতুন আইন অনুযায়ী একটি জাতীয় চলচ্চিত্র তহবিল গঠন করা হবে বলেও ঘোষণায় জানানো হয়েছে।
এর ফলে দেশটিতে স্বাধীন চলচ্চিত্র নির্মাণে গতি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এতেও সেন্সরশিপ ও বিতরণের মতো ইস্যুগুলোর সমাধান হয়নি বলে সমালোচকরা জানিয়েছেন।
দীর্ঘ প্রতীক্ষিত এই খবরকে স্বাগত জানিয়েছে কিউবার চলচ্চিত্র শিল্প। তবে এই আইনের প্রয়োগ কীভাবে হয় তা না দেখা পর্যন্ত স্বস্তিত পাচ্ছেন না বলে জানিয়েছেন কেউ কেউ।
এ আইনের বিষয়ে কিউবার চলচ্চিত্র সমালোচক ও হাভানার ফিল্ম স্টাডিসের অধ্যাপক গুস্তাভো আরকোস ফেরনান্দো ব্রিতো রয়টার্সকে বলেছেন, “আমরা এর জন্য অনেক বছর ধরে অপেক্ষা করছিলাম। তবে যাই হোক এটি বিতরণ ইস্যুটির সমাধান করবে না, ওটি রাষ্ট্রের নিয়ন্ত্রণেই রয়ে গেছে।”
১৯৫৯ সালে বামপন্থি বিপ্লব হওয়ার পর থেকে কিউবার ফিল্ম ইনিস্টিটিউট (আইসিএআইসি) চলচ্চিত্র উৎপাদন ও প্রযোজনা করে আসছিল। কিন্তু ১৯৮০ দশকে ভিডিও ক্যামেরার মতো নতুন প্রযুক্তি আসায় চিত্র নির্মাতারা স্বাধীনভাবে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন।
এরপর থেকে কিউবার অনেক চলচ্চিত্রকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের আওতার বাইরে থেকে স্বাধীনভাবে কাজ শুরু করেন। এতে সৃষ্টিশীল স্বাধীনতার পাশাপাশি কর্তৃপক্ষও তাদের ব্যাপ্তির বিস্তৃতি অনেকটা মেনে নিয়েছিল।
