ক্যারলকে ট্রাম্পের ‘ধর্ষণের’ বিষয়ে জানতেন ২ নারী
ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লেখিকা ও কলামনিস্ট ই. জেন ক্যারল ধর্ষণের যে অভিযোগ তুলেছেন সে সম্পর্কে এবার মুখ খুলেছেন দুই নারী।
নিউ ইয়র্ক টাইসমের পোডকাস্ট দ্য ডেইলিতে এ বিষয়ে কথা বলেন ক্যারল মার্টিন ও লিসা বার্নব্যাচ। যেটি স্থানীয় সময় বৃহস্পতিবার প্রচার করা হয়েছে।
পোডকাস্টে ওই দুই নারী বলেন, তারা নব্বইয়ের দশকে ঘটা ওই ঘটনা সম্পর্কে জানতেন। যদিও অভিযোগ নিয়ে ক্যারলের পুলিশের কাছে যাওয়া উচিত কিনা সে বিষয়ে তারা একমত হতে পারেননি।
ক্যারল হলেন ষোড়শ নারী যিনি ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনলেন। তবে অন্যদের তুলনায় ক্যারলেও অভিযোগ বেশ গুরুতর। কারণ তিনি সরাসরি ধর্ষণের অভিযোগ এনেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরের মত এ অভিযোগও অস্বীকার করে বলেছেন, বইয়ের কাটতি বাড়াতে ক্যারল ‘ডাহা মিথ্যা’ কথা বলছে এবং ‘তিনি আমার টাইপের নন’।
বিবিসি জানায়, ১৯৭৫-৯৫ সাল পর্যন্ত টেলিভিশনে সংবাদ উপস্থাপক ছিলেন ক্যারল মার্টিন। আর লিসা বার্নব্যাচ লেখিকা।
তারা নিউ ইয়র্ক টাইসমের পোডকাস্ট দ্য ডেইলিতে প্রথমবারের মত ট্রাম্পের বিরুদ্ধে ক্যারলের ধর্ষণের অভিযোগ নিয়ে মুখ খোলেন।
একই পোডকাস্টে ক্যারল বলেন, ঘটনার পরপরই তিনি বার্নব্যাচকে ফোন করে ট্রাম্প তার সঙ্গে জোর জবরদস্তি করেছে বলে জানান।
উত্তরে বার্নব্যাচ বলেছিলেন, “আমার মনে হয় এটা ধর্ষণ। তোমার পুলিশের কাছে যাওয়া উচিত।
“চল পুলিশের কাছে যাই। আমি তোমাকে পুলিশের কাছে নিয়ে যাব। কিন্তু ক্যারল যেতে চায়নি।”
তার কারণ হিসেবে ক্যারল বলেন, তখন তিনি দ্বিধায় ভুগছিলেন। তার মনে হয়েছিল, তার ও ট্রাম্পের মধ্যে যা ঘটেছে সেটা ‘লড়াই’ ছিল ‘অপরাধ’ নয়।
“এমনকি আমি নিজেকেও দোষারোপ করছিলাম। আমার মনে হয়েছিল,আমার উসকানিতে ট্রাম্প ওই আচরণ করেছেন।”
তিনি আসলেই নিজেকে কতটা দায়ী মনে করেন এমন প্রশ্নের জাবাবে বলেন, “শতভাগ।”
ঘটনার দুই বা তিনদিন পর তিনি বিষয়টি ক্যারল মার্টিনকে জানান।
“মার্টিন আমাকে পুলিশের কাছে যেতে নিষেধ করে। বলে, ট্রাম্প অনেক ক্ষমতাধর ব্যক্তি এবং তার অনেক আইনজীবী আছে।”
পোডকাস্টে মার্টিন বলেন, “আমি তাকে এ বিষয়ে মুখ খুলতে নিষেধ করেছিলাম। বলেছিলাম, আমিও কাউকে কিছু বলবো না।”
ক্যারল সম্প্রতি তার একটি বইতে ওই ঘটনার বর্ণনা দেন। গত শুক্রবার নিউ ইয়র্ক ম্যাগাজিনে তার বইয়ের সারসংক্ষেপ প্রকাশ করা হয়।
একই দিন ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নিউ ইয়র্কের ম্যানহাটানে ১৯৯৫ সালের শেষ বা ৯৬ সালের শুরুর দিকে একটি সুপারশপে এ ঘটনা ঘটে।
ক্যারলের মুখে ঘটনার বর্ণনাঃ
নিউইয়র্কের ম্যানহাটনে বের্গডর্ফ গুডম্যান স্টোরে কেনাকাটা করতে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা হয় ক্যারলের।
ওই সময় ক্যারল উঠতি তারকা। আর ট্রাম্প প্রভাবশালী আবাসন ব্যবসায়ী। ট্রাম্প অন্য এক নারীর জন্য পোশাক কিনতে গিয়ে ক্যারলের পরামর্শ চেয়েছিলেন এবং ক্যারলকে পোশাকটি পরে তাকে দেখাতে অনুরোধ করেছিলেন।
ক্যারল রাজি হলে তারা দুজন পোশাক পরিবর্তন কক্ষের দিকে যান এবং সেখানেই ট্রাম্প হঠাৎ করে তাকে দেয়ালের সঙ্গে জোরে চেপে ধরেন এবং টান দিয়ে তার পোশাক খুলে ফেলে তাকে ধর্ষণ শুরু করেন।
অনেক চেষ্টার পর ট্রাম্পকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ক্যারল বাইরে বেরিয়ে যেতে সক্ষম হন।
ওই সময় পুলিশের কাছে না গেলেও এখন ট্রাম্পের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়া কথা ভাবছেন ক্যারল।
