মার্কিন নির্বাচন ২০২০: প্রথম টিভি বিতর্কে ডেমোক্র্যাটদের তুমুল বাক-বিতন্ডা
যুক্তরাষ্ট্রে ২০২০ সালের আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে প্রেসিডেন্ট পদপ্রত্যাশী প্রার্থীদের টেলিভিশন বিতর্ক শুরু হয়েছে।
প্রথম ধাপে বুধবার ১০ জন সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থী বিতর্কে অংশ নিয়েছেন। স্বাস্থ্যসেবা ও অভিবাসন নিয়ে তুমুল বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন তারা। প্রেসিডেন্ট ট্রাম্পসহ অন্যান্য রাজনৈতিক বিষয়ও টেনে এনেছেন বেশ কয়েকজন।
দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার রাতে আরো ১০ জন সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থীর টিভি বিতর্কে অংশ নেওয়ার কথা রয়েছে। এদের মধ্যে রয়েছেন, সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং সিনেটর বার্নি স্যান্ডার্সের মতো প্রার্থীরা।
যুক্তরাষ্ট্রে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় এ রাজনৈতিক বিতর্ক অনুষ্ঠান দেখতে উৎসুক লাখ লাখ ভোটার। বুধবার মিয়ামিতে দুই ঘন্টার প্রথম বিতর্ক অনুষ্ঠানে স্টুডিওতেও ছিল দর্শকশ্রোতাদের সরব উপস্থিতি।
বিতর্কের সময় প্রার্থীরা সবাই নিজেকে মধ্যমনি করে রাখার চেষ্টায় ব্যস্ত ছিলেন। কেউ কেউ চীৎকার করেও নিজের দিকে দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালান।
বেসরকারি চিকিৎসা বীমাকে সরকারি খাতে নিয়ে যাওয়ার সমর্থনে কথা বলেন ম্যাসাচুসেটসের সিনেটর এলিজাবেথ ওয়ারেন। তাকে সমর্থন দেন নিউ ইয়র্কের মেয়র ব্লাসিও। অন্যান্য ডেমোক্র্যাটরা এমন নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এর বিরোধিতা করেন।
অন্যদিকে, অবৈধ অভিবাসন এবং মেক্সিকো সীমান্ত নীতি নিয়ে কথা বলেন সাবেক কংগ্রেস নেতা বেটো ও'রোর্ক এবং ওবামার সাবেক হাউজিং সেক্রেটারি জুলিয়ান ক্যাস্ট্রো। মেক্সিকো সীমান্তে শরণার্থীদেরকে আটক করা এবং পরিবারগুলোকে বিচ্ছিন্ন করার বিষয়টি নিয়ে ও’রোরক কে আক্রমণ করে কথা বলেন কাস্ট্রো।
তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করা শরণার্থীদের অপরাধী হিসাবে চিহ্নিত করার বিপক্ষে একটি বিল আনবেন জানিয়ে এতে ও’রোরকের সমর্থন দাবি করেন। ও’রোর্ক কেবল আশ্রয়প্রার্থীদের জন্য এমন বিল আনতে সহায়তা করার কথা বললে ক্যাস্ট্রো এর জবাবে বলেন, তিনি প্রত্যেকের জন্যই এটি চান। বিষয়টি নিয়ে হোমওয়ার্ক না করার জন্য ও’রোর্ক-কে দোষারোপ করেন ক্যাস্ট্রো।
আরো দুইজন ডেমোক্র্যাট প্রার্থী পররাষ্ট্রনীতি নিয়ে বিতন্ডায় জড়ান। তারা বিদেশে হস্তক্ষেপের ব্যাপারে ডেমোক্র্যাটদের মধ্যে একতা না থাকার বিষয়টি তুলে ধরেন।
কংগ্রেস সদস্য টিম রায়ান মধ্যপ্রাচ্য সংকটে যুক্তরাষ্ট্রকে ‘পুরোপুরি নিয়োজিত’ থাকতে হবে বলে যুক্তি দেন। কিন্তু যুদ্ধ-বিরোধী কংগ্রেস সদস্য তুলসী গব্বার্ড এর প্রতিবাদে আফগানিস্তান যুদ্ধে সদ্য মারা যাওয়া দুই মার্কিন সেনার বিষয়টি তুলে ধরে পাল্টা যুক্তি দেখান।
শেষ দিকে বিতর্ক অনুষ্ঠানের উপস্থাপক ওয়াশিংটনের গভর্নর জে ইনস্লিকে প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভূরাজনৈতিক হুমকি কি? উত্তরে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় সবচেয়ে বড় হুমকি ডনাল্ড ট্রাম্প।
আর যখন সবাইকে প্রশ্ন করা হয়, ক্ষমতায় গেলে ইরানের সঙ্গে ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে আবার ফিরবেন কিনা। তখন একমাত্র নিউ জার্সির সিনেটর কোরি বুকার বাদে সবাই হাত তোলেন।
বিতর্কে অংশগ্রহণকারীদের নাম:
*এলিজাবেথ ওয়ারেন (ম্যাসাচুসেটস এর সিনেটর)
* কোরি বুকার (নিউ জার্সি সিনেটর)
* বেটো ও’রোর্ক (টেক্সাসের সাবেক কংগ্রেস সদস্য)
* অ্যামি ক্লোবুচর (মিনেসোটা সিনেটর)
* তুলসী গব্বার্ড (হাওয়াই এর কংগ্রেস সদস্য)
*জে ইনস্লি (ওয়াশিংটনের গভর্নর)
* বিল ডি ব্লাসিও (নিউ ইয়র্কের মেয়র)
*টিম রায়ান (ওহাইওর কংগ্রেস সদস্য)
* জন ডিলেইনি (মেরিল্যান্ডের সাবে কংগ্রেস সদস্য)
* জুলিয়ান ক্যাস্ট্রো (প্রেসিডেন্ট ওবামার সাবেক হাউজিং সেক্রেটারি)
২০২০ সালের নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী কে হবেন সে প্রশ্নে ডেমোক্রেটিক পার্টির নিজেদের মধ্যে শুরু হওয়া এ বিতর্কে অংশ নেওয়া প্রত্যেককেই নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। দলের প্রেসিডেন্ট প্রার্থী হতে ডেমোক্রেটিক পার্টির মোট ২০ জন সম্ভাব্য প্রার্থী টিভি বিতর্কে অংশ নিচ্ছেন।
বৃহস্পতিবারের বিতর্কে *জো বাইডেন ও *স্যান্ডার্স ছাড়াও থাকছেন: *পিট বুডজাজ (ইন্ডিয়ানার সাউথ বেন্ড এর মেয়র), *কমলা হ্যারিস (প্রার্থিতার দৌড়ে একমাত্র কৃষাঙ্গ নারী সিনেটর), *ক্রিস্টেন জিলিব্র্যান্ড (সিনেটর), *এন্ড্রু ইয়াং (উদ্যোক্তা), *মাইকেল বেনেট (কলোরাডোর সিনেটর),* জন হেকেনলুপার (সাবেক কলোরাডো গভর্নর), *এরিক সলওয়েল (ক্যালিফোর্নিয়ার কংগ্রেস সদস্য) এবং *ম্যারিয়ান উইলিয়ামসন (লেখিকা)।
