২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিমকে চিঠি দিয়েছেন ট্রাম্প, নিশ্চিত করল হোয়াইট হাউজ

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে হোয়াইট হাউজ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Jun 2019, 10:02 PM

Updated : 25 Jul 2022, 08:16 PM

রোববার হোয়াইট হাউজ বলেছে, ট্রাম্প জাপান এবং দক্ষিণ কোরিয়া সফরে যাওয়ার আগে দিয়ে কিমকে এ চিঠি দিয়েছেন।

ট্রাম্প এবং কিম দুই নেতার মধ্যে চিঠি চালাচালি হচ্ছে বলে এক ইমেইলে জানিয়েছেন হোয়াইট হাউজের মুখপাত্র সাহার স্যান্ডার্স।

এর আগে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছিল, নেতা কিম এর হাতে ট্রাম্পের চিঠি এসেছে এবং কিম চিঠির বিষয়বস্তু নিয়ে চিন্তা-ভাবনা করবেন বলে জানিয়েছেন। তবে চিঠির বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তবে ট্রাম্পের ব্যক্তিগত চিঠিটি পাওয়ার পর উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এটি ‘চমৎকার’ বলে বর্ণনা করেছেন এবং ট্রাম্পের ‘অসাধারণ সাহস’ এরও প্রশংসা করেছেন বলে জানিয়েছিল কেসিএনএ।

গত ফেব্রুয়ারি মাসে ভিয়েতনামে ট্রাম্প-কিমের বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। এতে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে আলোচনায় অচলাবস্থা দেখা দেয়।

বিবিসি’র সংবাদদাতা বলেছেন, ট্রাম্প এবং কিমের ওই বৈঠক ভেস্তে যাওযার পর এ চিঠিটিই দু’দেশের মধ্যে সম্পর্কে প্রথম সবচেয়ে বড় অগ্রগতি।