২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্যে শান্তির জন্য ৫ হাজার কোটি ডলারের পরিকল্পনা কুশনারের

হোয়াইট হাউজ থেকে পাঁচ হাজার কোটি মার্কিন ডলারের মধ্যপ্রাচ্য অর্থনৈতিক উন্নয়ন পরিল্পনা প্রকাশ করা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Jun 2019, 09:39 PM

Updated : 08 Apr 2022, 04:21 PM

শনিবার প্রকাশিত ওই পরিকল্পনায় ফিলিস্তিন এবং প্রতিবেশী আরব দেশগুলোর অর্থনীতির উন্নতিতে বৈশ্বিক বিনিয়োগ তলবিল গঠন এবং পশ্চিম তীর ও গাজার মধ্যে পরিবহন করিডোর নির্মাণে পাঁচশ কোটি মার্কিন ডলারের তহবিল গঠনের কথা বলা হয়।

হোয়াইট হাউজের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার আগামী সপ্তাহে বাহরাইনে একটি আন্তর্জাতিক সম্মেলনে ‘সমৃদ্ধির জন্য শান্তি’ শিরোনামে ওই উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করবেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা কুশনার এবং আরো কয়েকজন উপদেষ্টা মিলে গত দুই বছর ধরে খেটে মধ্যপ্রাচ্যের জন্য এই উচ্চাকাঙ্ক্ষী অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা তৈরি করেছেন।

যদিও ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে চলমান সংকটের রাজনৈতিক সামাধান হলেই কেবল ওই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব বলে মত বিশেষজ্ঞদের।

ফিলিস্তিনের নেতারাও কুশনারের এই পরিকল্পনাকে ‘সব অবাস্তব প্রতিশ্রুতি’ বলে উড়েয়ে দিয়েছেন।

পিএলও’র জ্যেষ্ঠ কর্মকর্তা হানান আশরাউই বলেন, “কুশনারের এই পরিকল্পনা অবাস্তব প্রতিশ্রুতি ছাড়া আর কিছু নয়। একমাত্র রাজনৈতিক সামাধানের মাধ্যমে এ সংকট নিরসন সম্ভব।”

গাজার নিয়ন্ত্রণে থাকা দল হামাস আরো কড়া ভাষায় এর সমালোচনা করেছেন। হামাসের পক্ষ থেকে বলা হয়, “ফিলিস্তিন বিক্রির জন্য নয়।”

তবে ইসরায়েল কুশনারের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে।

কুশনারের পরিকল্পনায় বলা হয়, প্রস্তাবিত পাঁচ হাজার কোটি মার্কিন ডলারের অর্ধেকের বেশি আগামী ১০ বছর ধরে ফিলিস্তিনের অর্থনৈতিক সংকট উত্তরণে ব্যয় করা হবে। তহবিলের বাকি অংশ মিশর, লেবানন ও জর্ডানের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

সেখানে মিশরের সিনাই প্রণালীর উন্নয়নের জন্য কিছু প্রকল্পের কথা বলা হয়েছে। যার মাধ্যমে সংযুক্ত গাজায় বসবাসকারী ফিলিস্তিনিরা উপকৃত হবে।

পরিকল্পনায় ফিলিস্তিনের পর্যটন খাতের উন্নয়নেও প্রায় ১০০ কোটি মার্কিন ডলার ব্যয়ের কথা বলা হয়েছে।

গল্ফ আরবের ধনী দেশ, ইউরোপ ও এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন ধনী ব্যক্তিরা এই পরিকল্পনায় বিনিয়োগ করতে আগ্রহী হবেন বলে আশা প্রকাশ করেছেন কুশনার।