জার্মানিতে উন্মুক্ত কয়লাখনিতে পরিবেশবাদীদের হানা
জার্মানির পশ্চিমাঞ্চলের একটি উন্মুক্ত কয়লাখনির নিরাপত্তাবেষ্টনী টপকে ভেতরে ঢুকে পড়া কয়েকশ বিক্ষোভকারীকে হটিয়ে দিয়েছে পুলিশ।
জীবাশ্ম জ্বালানি ব্যবহারের বিরোধিতা করা ওই বিক্ষোভকারীরা শনিবার গার্জআইলার খনির পুলিশি বেষ্টনী ভেদ করে ঢুকে পড়েছিল।
পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলেও বিক্ষোভকারীদের অনেকে তাতে বাধা দেয়ার চেষ্টা করেন বলে জানিয়েছে বিবিসি।
এ সময় অনেক কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
খনিটি নিরাপদ নয় বলে বিক্ষোভকারীদের আগেই সতর্ক করা হয়েছিল, দাবি পুলিশের।
জার্মানি ২০৫০ সালের মধ্যে ‘কার্বন নিউট্রাল’ রাষ্ট্রে পরিণত হওয়ার প্রতিশ্রুতি দিলেও পরিবেশবাদীরা এর আগেই ওই অবস্থানে পৌঁছানো সম্ভব বলে দাবি করে আসছেন।
সাম্প্রতিক বিভিন্ন জরিপে জার্মান নাগরিকদের উদ্বেগ তালিকায় জলবায়ু পরিবর্তনের বিষয়টিই শীর্ষে অবস্থান করছে বলে জানিয়েছে বিবিসি।
ক্ষমতাসীন ক্রিস্টিয়ান ডেমোক্রেটদের সঙ্গে গ্রিন পার্টির ভোটযুদ্ধেও এটিই সামনে থাকছে।
বিক্ষোভকারীরা যেন খনির ভেতরে ঢুকতে না পারে সেজন্য পুলিশ পিপার স্প্রেও ছুড়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে ‘অপ্রয়োজনীয় বল প্রয়োগের’ অভিযোগ করেছে।
খনিতে হানা দেয়ার আগে বিক্ষোভকারীরা কয়লা সরবারাহে ব্যবহৃত একটি রেল লাইনও কিছু সময়ের জন্য বন্ধ করে দিয়েছিল।
সুইডিশ বালিকা গ্রেটা থানবার্গ জলবায়ু পরিবর্তনরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে যে স্কুল ধর্মঘট আন্দোলনের শুরু করেছে তার সমর্থনে শুক্রবার আখে শহরে ২০ থেকে ৩০ হাজার বিক্ষোভকারী এক কর্মসূচিও পালন করেছে।
শনিবার যে বিক্ষোভকারীরা গার্জআইলার খনির নিরাপত্তাবেষ্টনী টপকেছিলেন, তাদের অনেকে শুক্রবারের কর্মসূচিতেও ছিলেন।
