২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের সঙ্গে যুদ্ধ চাই না: ট্রাম্প

ড্রোন ভূপাতিত করার ঘটনায় তেহরান-ওয়াশিংটন উত্তেজনার মধ্যেই ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চান না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2019, 01:31 PM

Updated : 08 Apr 2022, 04:20 PM

শুক্রবার সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইরানের সঙ্গে যুদ্ধ বাধলে ‘পরিণতি ভয়াবহ হবে’ বলেও সতর্ক করেছেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

“আমি যুদ্ধ চাই না; কিন্তু যদি বেধেই যায় তাহলে এমন ধ্বংসযজ্ঞ হবে যা আপনারা আগে দেখেননি। আমি তা করতে চাই না,” বলেছেন তিনি।

মার্কিন ড্রোন ভূপাতিত করার পাল্টায় ইরানে হামলার চালানোর সিদ্ধান্ত নিয়েও শেষ মুহুর্তে পিছু হটার একদিনের মাথায় ট্রাম্প তেহরানের সঙ্গে যুদ্ধে তার অনাগ্রহের বিষয়টি ফের ব্যক্ত করলেন।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বৃহস্পতিবার ভোরের দিকে ইরান যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ‘ড্রোন’ (চালকবিহীন বিমান) গুলি করে ভূপাতিত করে বলে জানানো হয় ।

আরকিউ-৪ গ্লোবাল হক ড্রোনটি ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে কুহমোবারকের কাছে আকাশসীমা লংঘন করেছিল বলে অভিযোগ তেহরানের।

যুক্তরাষ্ট্র এ অভিযোগ অস্বীকার করে। গুলির সময় ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমায় ছিল, ইরান ‘বিনা উসকানিতে’ এ হামলা করেছে বলেও দাবি তাদের।

ওই অঞ্চলে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর প্রস্তুতি নিয়ে দুই দেশের মধ্যে এমনিতেই উত্তেজনা বিরাজ করছে। তেহরান গুলি করে ড্রোন নামানোর পর তা নতুন মাত্রা পায়।

ড্রোনটি ভূপাতিত করে ইরান ‘চরম ভুল’ করেছে বলে বৃহস্পতিবারই এক টুইটে হুঁশিয়ার করেন ট্রাম্প।

মার্কিন গণমাধ্যমগুলো পরে ড্রোন ভূপাতিতর পাল্টায় মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলার প্রস্তুতি নিয়েও, শেষ মুহূর্তে তা বাতিল করে বলে জানায়।

হামলায় ইরানের অন্তত দেড়শ লোকের মৃত্যু হবে, এমনটা জানতে পেরে নির্ধারিত সময়ের মাত্র ১০ মিনিট আগে আক্রমণ বাতিলের সিদ্ধান্ত নেওয়ার কথা জানান ট্রাম্পও।

মার্কিন প্রেসিডেন্টের মতে, একটি মনুষ্যবিহীন ড্রোন ভূপাতিত করার বদলায় দেড়শ মানুষের মৃত্যু যুক্তিযুক্ত হতো না।

শুক্রবার সকালে একের পর এক টুইটে ট্রাম্প জানান, ইরানে হামলা চালাতে তাড়াহুড়া নেই তার।  

ছয় বিশ্বশক্তির সঙ্গে তেহরানের স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে ওয়াশিংটন নিজেদের প্রত্যাহার করে নিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানাপোড়েন বাড়তে থাকে।

ট্রাম্প প্রশাসন তেহরানের ওপর পুরনো সব নিষেধাজ্ঞাও চাপিয়ে দিয়েছে। ইরানের তেল কেনার ক্ষেত্রে অনেক দেশ মার্কিন নিষেধাজ্ঞা থেকে ছাড় পেত, ওয়াশিংটন সম্প্রতি তাও প্রত্যাহার করে নিয়েছে।

ইরান এসব পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে। প্রয়োজনে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।

এ নিয়ে উত্তেজনার মধ্যেই গত কয়েক সপ্তাহে পারস্য উপসাগরে বেশ কয়েকটি তেলের ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র এ হামলাগুলোর জন্য ইরানকে দায়ী করলেও তেহরান এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে।