যাদু দেখাতে গিয়ে জাদুকরের অকাল মৃত্যু
ভারতের পশ্চিমবঙ্গে পানির নিচে যাদু দেখাতে গিয়ে এক জাদুকরের দুর্ভাগ্যজনক মৃত্যু হয়েছে।
বিবিসি জানায়, গত রোববার চঞ্চল লাহিড়ি নামের ওই ব্যক্তি জগৎ বিখ্যাত জাদুকর হ্যারি হুডিনির ট্রিক দেখাতে হাত-পা শেকল দিয়ে বেঁধে ছয়টি তালা মেরে নদীতে নামেন। তালা খুলে পানির নিচ থেকে বেরিয়ে আসাই ছিল যাদু।
হাওড়া সেতুর কাছে ওই যাদু দেখতে উৎসক জনতা ভিড় করে। কিন্তু পানিতে ডুবে যাওয়ার ১০ মিনিট পরও চঞ্চল উঠে না আসায় দর্শকরা পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি অভিযান শুরু করলে পরদিন বিকালে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে চঞ্চলের মৃতদেহ খুঁজে পাওয়া যায়।
স্থানীয় একটি পত্রিকার আলোকচিত্রী জয়ন্ত শাও বিবিসি’কে বলেন, পানিতে নামার আগে তিনি চঞ্চলের সঙ্গে কথা বলেছিলেন।
“আমি তাকে বলেছিলাম, কেন জীবনের ঝুঁকি নিচ্ছেন? তিনি হেসে বলেন, ‘যদি আমি ঠিকঠাক মত করতে পারি তবে সেটা ম্যাজিক হবে, আর না পারলে ট্রাজিক’।
“যাদুর স্বার্থেই তিনি এটি করতে চেয়েছিলেন।”
চঞ্চল এবারই প্রথম জীবনের ঝুঁকি নিয়ে পানি নিচে যাদু দেখাননি। ২০ বছর আগে তিনি একটি কাঁচের বাক্সের ভেতরে করে নদীতে নেমেছিলেন এবং সেখান থেকে নিরাপদে বেরিয়ে আসেন।
আলোকচিত্রী জয়ন্ত সেবারও দর্শক ছিলেন। তিনি বলেন, “আমি কল্পনাও করিনি এবার তিনি পানি নিচ থেকে বেরিয়ে আসতে পারবেন না। ”
