২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান চাইলে আলোচনায় প্রস্তুত: ট্রাম্প

ইরান চাইলে আলোচনা শুরু করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2019, 11:14 PM

Updated : 08 Apr 2022, 04:18 PM

ওমান উপসাগরে দুটি তেল ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় ট্রাম্প ইরানকে দায়ী করলেও দেশটির সঙ্গে আলোচনার এ আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার ‘ফক্স নিউজ’কে ফোনে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তারা এটা জানে। তাদেরকে অনেক ভালভাবেই জোর দিয়ে একথা বলা হয়েছে যে, আমরা তাদেরকে আলোচনার টেবিলে ফিরে পেতে চাই।”

“তারা ফিরে আসতে চাইলে আমরাও প্রস্তুত। তারা যখনই প্রস্তুত হবে আমরাও প্রস্তুত থাকব। তারা যখনই প্রস্তুত হবে তখনই ঠিক আছে। কোনো তাড়াহুড়ো নেই।”

বৃহস্পতিবার ট্যাংকারে হামলার পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে উদ্বেগ দেখা দিয়েছে।  বিশ্বে তেল রপ্তানি পরিবহনের অন্যতম বাণিজ্যিক পথ হচ্ছে এ হরমুজ প্রণালী।

যুক্তরাষ্ট্র ইরানের তেল কেনার জন্য বিভিন্ন দেশকে নিষেধাজ্ঞার কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত জানানোর পর ইরান এ বছরের শুরুর দিকে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল।

ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারে ইরানের ওই হুমকি সম্পর্কে ট্রাম্প বলেন, “ইরান ওই প্রণালী বন্ধ করতে চাইলেও বেশিদিন বন্ধ রাখতে পারবে না।” তিনি বলেন, “তারা এটা বেশি দিন বন্ধ রাখতে পারবে না।”

বৃহস্পতিবার কোকুয়া কারেজেস ও ফ্রন্ট আলটেয়ার নামের নৌযানদুটিতে ‘বিস্ফোরণের পর’ আগুন ধরে গেলে ইরানি উদ্ধারকারী দল ট্যাঙ্কার দুটির ৪৪ ক্রুকে নিরাপদে সরিয়ে নেয়।

ওই ঘটনার জন্য ইরানকে দায়ী করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তবে ইরান অভিযোগ অস্বীকার করেছে।