ইরাকে ৪৩ কুর্দি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়ের’ দাবি তুরস্কের
উত্তর ইরাকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) ঘাঁটিতে হামলা চালিয়ে গোষ্ঠীটির ৪৩ সদস্যকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে বলে দাবি করেছে তুরস্ক।
উত্তর ইরাকের হাকুর্ক অঞ্চলে ২৭ মে থেকে ১৩ দিন ধরে ‘অপারেশন ক্ল’ নামের ওই অভিযানটি চালানো হচ্ছে, শনিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ওই অঞ্চলে তুরস্কের সামরিক বাহিনীর কমান্ডো ব্রিগেডগুলোর অভিযানের পর সেখানে কামান থেকে গোলাবর্ষণ ও বিমান হামলা চালানো হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।
উত্তর ইরাকের কানদিল অঞ্চলে হাকুর্কের দক্ষিণে তুরস্কের নিষিদ্ধ ঘোষিত বিদ্রোহী গোষ্ঠী পিকেকের ঘাঁটি।
সেখানে চালানো অভিযানে পিকেকের ব্যবহৃত আশ্রয়স্থল, গুহা ধ্বংস করার পাশাপাশি এর সদস্যদেরও ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে বলে জানিয়েছে আঙ্কারা। ‘নিষ্ক্রিয়’ বলতে তারা সাধারণত মৃত্যু বুঝিয়ে থাকে, তবে একই শব্দ ব্যবহারের মাধ্যমে আহত ও বন্দি করাও বোঝানো হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “উত্তর ইরাকের হাকুর্ক অঞ্চলে ১৩ দিন ধরে সাফল্যজনকভাবে চালানো অপারেশন ক্ল-য়ের অংশ হিসেবে ৪৩ পিকেকে সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়েছে।”
এ অভিযানে ৫৩টি মাইন ও হাতে তৈরি বিস্ফোরক বস্তু ধ্বংস ও পিকেকের ব্যবহৃত ৭৪টি আশ্রয়কেন্দ্র ও গুহা ব্যবহারের অযোগ্য করে দেওয়া হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
‘শেষ সন্ত্রাসীটিকে নিষ্ক্রিয় না করা পর্যন্ত’ অভিযান অব্যাহত থাকবে বলে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার জানিয়েছেন।
প্রধানত তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলীয় কুর্দি অধ্যুষিত অঞ্চলগুলোতে ১৯৮৪ সাল থেকে পিকেকের বিদ্রোহ শুরু হয়। তারপর থেকে তুরস্কের সরকারি বাহিনী ও পিকেকে গেরিলাদের মধ্যে সংঘাতে ৪০ হাজারেরও বেশি লোক নিহত হয়েছেন।
পিকেকে-কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে আঙ্কারা, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র।
