২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানির ঘাতক নার্সের যাবজ্জীবন কারাদণ্ড

সহকর্মীদের সামনে নিজেকে নায়ক প্রমাণ করতে জার্মানির সাবেক নার্স নিলস হোগেল আগে রোগীর শরীরের বিষাক্ত ইঞ্জেকশন প্রয়োগ করতেন এবং রোগীর অবস্থা সংকটাপন্ন হলে তাকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করার নাটক করতেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Jun 2019, 06:55 PM

Updated : 25 Jul 2022, 08:16 PM

নিজের দীর্ঘ ক্যারিয়ারে এভাবে তিনি প্রায় একশ রোগীকে হত্যা করেছেন বলে আভিযোগ আছে।

বৃহস্পতিবার ওল্ডেনবুর্গ জেলা আদালত হোগেলকে ৮৫ রোগী হত্যার অভিযোগে দোষীসাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। একইসঙ্গে আজীবনের জন্য তাকে নার্সিং পেশায় নিষিদ্ধ করা হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখন হোগেলই জার্মানির সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলার।

হোগেল যে হাসপাতালেই কাজ করতেন সেখানেই রোগী মৃত্যুর সংখ্যা বেড়ে যেত, এমনকি মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসার ঘটনাও অস্বাভাবিক হারে বেশি ঘটতো।

শুরুতে হোগেলের কুকর্ম কেউ টের পায়নি। কিন্তু পাপ খুব বেশিদিন চাপা থাকে না।

হোগেল ওল্ডেনবুর্গ ক্লিনিকে কর্মরত থাকার সময় সেখানে রোগীদের মৃত্যুর হার বেড়ে গিয়েছিল।

তদন্তে দেখা গেছে, ২০০১ সালে ওল্ডেনবুর্গ ক্লিনিকের কর্মীরা মৃতের সংখ্যা হঠাৎ করে বেড়ে যাওয়া ও মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা রোগীর সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে বৈঠক করেছিলেন, কিন্তু ওই ব্যাপারে কেউ পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি।

ফলে বিপদ টের পেয়ে হোগল সহজেই ওল্ডেনবুর্গ ক্লিনিক ছেড়ে ডেলমেনহোর্স্ট ক্লিনিকে চলে যাওয়ার সুযোগ পান এবং যথারীতি সেখানেও তিনি যে শিফ্টে কাজ করতেন সেই সময় রোগীদের মারা যাওয়ার হার বেড়ে যায়।

জার্মান ম্যাগাজিন ‘দের স্পিজেল’র খবর অনুযায়ী,  একদিন হোগেল কক্ষে থাকা অবস্থায় কিছুক্ষণ আগেও স্থিতিশীল এক রোগীর হঠাৎ করেই ‘হার্টবিট’ অনিয়মিত হতে শুরু করলে অন্য একজন নার্সের সন্দেহ হয় এবং তিনি ময়লার ঝুড়িতে ওষুধের খালি বোতল খুঁজে পান;  ধরা পড়েন হোগেল।

হোগেলের অপরাধের বিস্তৃতি জানতে ২০১৪ সালে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। আর ওই কমিটির অনুসন্ধানে ভয়ঙ্কর ফলাফল পাওয়া যায়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়,  ১৯৯৯ থেকে ২০০৫ সালের মধ্যে হোগেল ওল্ডেনবুর্গ ক্লিনিকে ৩৮ জনকে এবং ডেলমেনহোর্স্টে ৬২ জনের বেশি রোগীকে হত্যা করেছেন।

হোগেল আরও অনেক বেশি মানুষকে হত্যা করেছেন বলেও সন্দেহ প্রকাশ করেন তদন্ত কর্মকর্তারা।

বিচারের শুরুতে অস্বীকার করলেও পরে ধীরে ধীরে নিজের অপরাধ স্বীকার করেন হোগেল।

২০১৫ সালে হত্যা মামলার শুনানি চলার সময় হোগেল স্বীকার করেন, তিনি ৩০ জনের বেশি রোগীকে হত্যা করেছেন।

এরপর তার বিরুদ্ধে আরও বিস্তারিত তদন্ত শুরু হয় এবং ওই মামলায় দুই জনকে হত্যা, দুইজনকে হত্যা চেষ্টা এবং রোগীদের ক্ষতি করার অভিযোগে হোগেল দোষী সাব্যস্ত হন এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়।

এদিকে তদন্ত যত এগিয়েছে হোগেলের কুকর্ম তদন্ত কর্মকর্তাদের তত হতবাক করেছে।

বৃহস্পতিবার রায় ঘোষণার সময় বিচারক সেবাস্টিয়ান বুহর্ম্যান বলেন, “আপনার অপরাধের প্রকৃত চিত্র তুলে ধরা অসম্ভব। আপনি যে অপরাধ করেছেন মানুষের পক্ষে সেগুলো কল্পনা করাও কঠিন।”

রায় ঘোষণার এক দিন আগে আদালতে তার হাতে নিহত রোগীদের স্বজনের কাছে ক্ষমা চেয়ে তাকে ‍মাফ করে দিতে বলেছেন হোগেল।

হোলেগের বিরুদ্ধে ১৯৯৯ সাল থেকে ২০০৫ সালের মধ্যে প্রায় একশ রোগীকে হত্যার অভিযোগ আনা হয়েছে। তিনি ৪৩ জনকে হত্যার কথা স্বীকার এবং ‍বাকি অভিযোগ অস্বীকার করেছেন।

জার্মানির আইনে যাবজ্জীবন সাজার মেয়াদ ১৫ বছর।

পুরনো খবর:

অতিরিক্ত ওষুধ দিয়ে জার্মান নার্সের ‘শতাধিক রোগীকে হত্যা’
জার্মানির ঘাতক নার্স আরো ৮৪ জনকে খুন করেছে বলে সন্দেহ