২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইহিল থেকে মুক্তি চান জাপানের নারীরা

জাপানে অনেক প্রতিষ্ঠানে চাকরি করতে হলে মেয়েদের হাইহিল পরা বাধ্যতামূলক, কিন্তু পুরুষের ক্ষেত্রে সেরকম কোনো নিয়ম নেই৷ এটাকে তাই ‘লিঙ্গ বৈষম্যমূলক’ আচরণ মনে করে পরিত্রাণ চাচ্ছেন নারীরা৷

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> ডয়চে ভেলে বাংলা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2019, 09:50 AM

Updated : 18 Aug 2022, 05:22 PM

জাপানি লেখক অনলাইনে এক পিটিশন চালু করেছেন যেখানে ‘ড্রেসকোড' হিসেবে নারীদের হাইহিল পরতে বাধ্য করার চর্চা বন্ধে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে৷ এর মধ্যে সেই পিটিশনে ২৫ হাজারের বেশি মানুষ সায় দিয়েছেন৷

মুক্তপেশাজীবী এই নারী লেখক জানান, এক খণ্ডকালীন চাকরিতে তাকে হাইহিল পরতে বাধ্য করা হয়েছিল৷ এমন জুতা পরা অস্বস্তিকর বলেও মন্তব্য করেন তিনি৷

অনলাইন পিটিশনে ইশিকাওয়া লিখেছেন, “কাজ শেষে সবাই স্নিকারস অথবা সমতল কিছু পরে৷ হাইহিল পরলে পিঠে ব্যথা, পায়ের আঙ্গুলের গোড়ায় ব্যথা এবং ফোস্কা পড়ার মতো শারীরিক সমস্যা হয়।”

ইন্টারনেটে অনেকেই এই পিটিশনের প্রতি সমর্থন জানিয়েছেন৷ এমনকি #কুটু নামের একটি হ্যাশট্যাগও চালু হয়ে গেছে৷

জাপানি শব্দ কুৎসু'র অর্থ হচ্ছে জুতা আবার বানানভেদে সেটির অর্থ ব্যথাও৷ এই দুই শব্দের সমন্বয়ে তৈরি হ্যাশট্যাগটি ব্যবহার করে অনেক নারীই কর্মস্থলে হাইহিল পরার বাধ্যবাধকতা থেকে মুক্তি চেয়েছেন৷

পুরুষের ক্ষেত্রে এরকম কোন নিয়ম না থাকায় নারীরা মনে করেছেন এটা লিঙ্গ বৈষম্যমূলক আচরণ৷

বিষয়টি ইতোমধ্যে জাপান সরকারেরও মনোযোগ আকর্ষণ করেছে৷ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে তারা পিটিশনে উত্থাপিত বিষয়টি পর্যালোচনা করছেন৷