২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহহীনের সঙ্গে ‘প্র্যাংক’ করায় স্পেনে ইউটিউবারের কারাদণ্ড

ওরিও বিস্কুটের ভেতরে টুথপেস্ট ভরে তা খেতে দিয়েছিলেন একজন গৃহহীনকে; অন্যকে বোকা বানিয়ে এই অমানবিক মজা করার শাস্তি হিসেবে স্প্যানিশ এক ইউটিউবারের কারাদণ্ড হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2019, 11:39 AM

Updated : 18 Aug 2022, 05:21 PM

কাংগহুয়া রেনকে শাস্তি হিসেবে বার্সেলোনার আদালত ১৫ মাসের কারাদণ্ড দিয়েছে বলে খবর এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে।

রেনের এই প্র্যাংককে ‘নৈতিক আচরণ লঙ্ঘন’ হিসেবে দেখেছে আদালত। ইউটিউবসহ অন্য সব সামাজিক যোগাযোগ মাধ্যমে আগামী ৫ বছর তার চ্যানেলগুলো বন্ধ রাখার রায়ও দেওয়া হছে।

অর্থ্যাৎ ২০২৪ সাল পর্যন্ত আর কোনো ভিডিও  ইউটিউবে পোস্ট করতে পারবেন না রেন। 

২০১৪ সাল থেকে ইউটিউবে রিসেট নামে নিজের চ্যানেলটিতে ভিডিও আপলোড করে আসছেন রেন।

এখন তার চ্যানেলের সাবস্ক্রাইবার ২ লাখ ৬৩ হাজার। আর এই কয়েক বছরে চ্যানেলটি দেখা হয়েছে ১১ কোটি ১৭ লাখ ৪৭ হাজার ৫৬৮ বার। 

যে ভিডিওটি নিয়ে সমালোচনার পাশাপাশি জেল-জরিমানা গুণছে হচ্ছে তাকে সেটা ২০১৭ সালে পোস্ট করেছিলেন রেন। তখন তার বয়স ছিল ১৯ বছর।

নিজের ধারণ করা ওই ভিডিওতে ক্যামেরার সামনে ওরিও বিস্কুটের ভেতরের ক্রিম ফেলে দিয়ে তাতে টুথপেস্ট মাখিয়ে নেন রেন। পরে একটি শপিং মলের বাইরে এক দুস্থ ব্যক্তিকে এই বিস্কুট খেতে দেন তিনি। সেই সঙ্গে ২০ ইউরোর একটি বিলও ধরিয়ে দেন।

৫০ বছর বয়সী ওই ব্যক্তি বিস্কুট খাওয়ার পরপরই বমি করতে থাকেন।

ইউটিউবে এই ভিডিও প্রকাশের পর তোপের ‍মুখে পড়েন রেন।

এরপর আগের ভিডিওটি সরিয়ে আরেকটি ভিডিও পোস্ট করেন তিনি যাতে দেখা যায়, তিনি ওই ব্যক্তিটির সঙ্গে দেখা করে তাকে ২০ ইউরো দিচ্ছেন।

Image
কাংগহুয়া রেন

কাংগহুয়া রেন

তবে নিউ ইয়র্ক টাইমসকে পুলিশ জানিয়েছে, রেন পরে ওই দুস্থ ব্যক্তির মেয়েকে ৩০০ ইউরো দিতে চেয়েছিলেন, যাতে তার বিরুদ্ধে কোনো অভিযোগ না করা হয়।

রেন আত্মপক্ষ সমর্থনে আদালতে বলেন, এই ভিডিওটি একটি বাজে ধরনের মজা ছিল, যা  তিনি পরে সংশোধন করতে চেয়েছেন।

“ভিডিও পোস্ট করে সাড়া পেতে আমি অনেক কিছুই করি। মানুষ অসুস্থতাই পছন্দ করে।”

আদালত রেনের এই বক্তব্যে গলে যায়নি বলে জানিয়েছে স্পেনের গণমাধ্যমগুলো।

রেন এই ভিডিও প্রকাশ করে বিজ্ঞাপন থেকে ২ হাজার ইউরো কামিয়ে নিয়েছে বলে আদালত জানতে পারে।

গত শুক্রবার রায় দিতে গিয়ে বিচারক রোসা বলেন,  “এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। পরের ভিডিওতে রেন ওই অসহায় ব্যক্তির সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছেন।”

যে ভিডিও নিয়ে এই সমালোচনা তা পরে রেন তার ইউটিউব চ্যানেলের এক অনুসারীর প্রতিবাদের মুখে পড়ে নামিয়ে নেন।

অনুশোচনা জানাতে গিয়েও মজা করেছিলেন রেন।

“তবে এর ইতিবাচক দিকও রয়েছে। এর ফলে তার দাঁত পরিষ্কার হয়ে গেছে; আমার মনে হয় যখন থেকে তিনি দরিদ্র, তখন থেকে তিনি দাঁত মাজেননি।”

রায়ে অনুযায়ী ওই দুস্থ লোকটিকে ২০ হাজার ইউরো দিতে হবে রেনকে।

রোমানিয়ার ওই মেষপালক ভাগ্যোন্বেষণে স্পেনে পাড়ি দিয়ে বার্সেলোনায় আশ্রয় নিয়েছিলেন।

সাজার রায় হলেও এখনই কারাগারে যেতে হচ্ছে না রেনকে। স্পেনের আইন অনুযায়ী, সহিংস অপরাধ না হলে প্রথমবার অপরাধের জন্য সাজা স্থগিত থাকবে। তবে একই ধরনের কাজ আবার করলে নেওয়া হবে কারাগারে।    

পুরনো খবর:

‘প্র্যাংক ভিডিও’ ছড়ানো বন্ধে পদক্ষেপ নয় কেন: হাই কোর্ট