মার্কলকে কখনোই ‘নোংরা’ বলিনি: ট্রাম্প
ব্রিটিশ যুবরাজ হ্যারির স্ত্রী মেগান মার্কলকে এক সাক্ষাৎকারে ‘নোংরা’ বলে মন্তব্য করার কথা অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
‘দ্য সান’ পত্রিকাকে দেওয়া ট্রাম্পের ওই সাক্ষাৎকারের অডিও রেকর্ড প্রকাশের পরও তিনি তা অস্বীকার করে বরাবরের মতই সব দায় চাপিয়েছেন সংবাদ মাধ্যমের ঘাড়ে।
রোববার এক টুইটে ট্রাম্প বলেছেন, “আমি কখনোই মার্কলকে নোংরা বলিনি।” এটি ভুয়া সংবাদ মাধ্যমেরই বানোয়াট কথা বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
যুক্তরাজ্য সফরের প্রাক্কালে ট্রাম্প ‘দ্য সান’ পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন। সেখানেই মেগানের ট্রাম্প-বিরোধিতা নিয়ে কিছু কথার প্রেক্ষিতে তিনি ওই মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্রের সাবেক অভিনেত্রী ও ব্রিটিশ রাজবধূ ‘ডাচেস অব সাসেক্স’ মেগান মার্কল ট্রাম্পের একজন সক্রিয় সমালোচক।
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মেগান সমর্থন দিয়েছিলেন ট্রাম্পের প্রতিপক্ষ ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে। সে সময় ট্রাম্প সম্পর্কে কয়েকটি নেতিবচক মন্তব্য করেছিলেন মার্কল।
সাক্ষাৎকারে মেগান মার্কলের ওই মন্তব্যগুলো সম্পর্কে ট্রাম্পকে বলা হলে জবাবে ট্রাম্প বলেন, “আমি একথা জানতাম না। আমি কি বলব? আমি জানতাম না তিনি এমন নোংরা।”
তিনি আরো বলেন, মার্কল রাজপরিবারের সদস্য হওয়ায় তিনি আনন্দিত এবং মার্কল খুব ভাল একজন প্রিন্সেস হবেন বলেই তিনি বিশ্বাস করেন।
শনিবার দ্য সান পত্রিকা ট্রাম্পের এ সাক্ষাৎকারের অডিও রেকর্ডিং তাদের ওয়েবসাইটে পোস্ট করে বলে জানিয়েছে বিবিসি।
