২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেক্সিট সংকটে পা, চুক্তি ছাড়াই প্রস্তুতিতে মত ট্রাম্পের

ব্রেক্সিট নিয়ে চলমান জটিল পরিস্থিতির মধ্যে যুক্তরাজ্য সফরকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও এবার এ সংকটে পা দিচ্ছেন। এরই মধ্যে ব্রেক্সিট নিয়ে নিজের মত জানিয়ে তিনি বলেছেন, চুক্তি ছাড়াই এর জন্য প্রস্তুত হতে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2019, 09:56 PM

Updated : 08 Apr 2022, 04:15 PM

একইসঙ্গে ট্রাম্প বলেছেন, যুক্তরাজ্যের উচিত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে আলোচনায় ব্রেক্সিট পার্টির নেতা নাইজেল ফারাজকে জড়িত করা।

রানি দ্বিতীয় এলিজাবেথের আমন্ত্রণে সোমবারই যুক্তরাজ্য সফরে যাচ্ছেন ট্রাম্প। তার আগে দেশটির সংবাদপত্র ‘দ্য সানডে টাইমস’কে ট্রাম্প এসব কথা বলেন।

তিনি ব্রিটিশ সরকারের ব্রেক্সিট আলোচনা নিয়ে সমালোচনাও করেছেন। এ আলোচনায় সব কার্ডই ইইউ এর হাতে থেকে গেছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

‘দ্য সানডে টাইমস’ কে ট্রাম্প বলেন, “ব্রিটেনকে এ বছরই ইইউ ছাড়তে হবে। তাদেরকে এ কাজ করতেই হবে। তাদেরকে চুক্তির কাজ শেষ করতে হবে।”

আর প্রত্যাশামাফিক চুক্তি না হলে কোনো চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া (ব্রেক্সিট) উচিত হবে বলে মন্তব্য করেন তিনি।

কনজারভেটিভ পার্টি ব্রেক্সিট পার্টির নেতা নাইজেল ফারাজে কে নিয়োজিত না করে ভুল করছে উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমি নাইজেলকে অনেক পছন্দ করি। তার অনেক প্রস্তাব দেওয়ার আছে। তিনি খুবই স্মার্ট একজন মানুষ।”

ট্রাম্প ৩ থেকে ৫ জুন পর্যন্ত যুক্তরাজ্য সফর করবেন। এ সময়ের মধ্যে রানি এলিজাবেথ এবং প্রিন্স চার্লসের সঙ্গে সাক্ষাৎ করা ছাড়াও বাকিংহাম প্যালেসে ভোজের পাশাপাশি ওয়েস্টমিনস্টার অ্যাবিতেও যাবেন তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর এখন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টিতে নতুন নেতা নির্বাচনের প্রস্তুতি চলছে। ব্রেক্সিটপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার দায়িত্ব তার ওপরই পড়বে।

ট্রাম্প শনিবার ‘দ্য সান’কে দেওয়া সাক্ষাৎকারে  বলেছেন, “কনজারভেটিভ পার্টির নেতৃত্বের জন্য বরিস জনসনই হবেন চমৎকার। প্রধানমন্ত্রী হিসেবেও তিনি ভাল করবেন।”