সৌদি প্রিন্স সেজে প্রতারণা, ফ্লোরিডায় এক ব্যক্তির কারাদণ্ড
তিন দশক ধরে সৌদি আরবের রাজপরিবারের সদস্য সেজে লোকজনকে ধোকা দেওয়া এক প্রতারককে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।
ফ্লোরিডার বাসিন্দা অ্যান্থোনি গিনয়াক (৪৮) সৌদি প্রিন্স খালিদ বিন আল-সৌদ সেজে লোকজনের কাছ থেকে ৮০ লাখ মার্কিন ডলার হাতিয়ে নেন বলে জানায় এনডিটিভি।
তিনি মিয়ামির অভিজাত ‘ফিশার আইল্যান্ডে’ একটি অ্যাপার্টমেন্টে বাস করতেন, সেখানে দরজায় ‘সুলতান’ লেখা ছিল।
কূটনীতিকের ভুয়া লাইসেন্স প্লেট লাগানো বিলাসবহুল ফেরারি গাড়িতে চড়তেন তিন। বিনিয়োগকারীরা তার চারপাশে ঘুরঘুর করতো এবং অনেকে তাকে নানা উপহার দিত।
তিনি দেহরক্ষীদের নিয়ে চলেফেরা করতেন, কাছে সবসময় কূটনীতিকের ভুয়া কাগজপত্র থাকতো এবং সব জায়গায় তিনি রাজপরিবারের জন্য বরাদ্দ সুযোগ-সুবিধা দাবি করতেন।
এভাবে অন্যদের চোখে নিজেকে সৌদি রাজপরিবার সদস্য প্রমাণ করে তিনি বিনিয়োগকারীদের কাছ থেকে উপঢৌকন দাবি করতেন।
এনডিটিভি জানায়, বিনিয়োগ করবেন এই আশায় অনেক মানুষ তার ব্যাংক একাউন্টে অর্থ জমা রাখতেন।
বিনিয়োগ তো দূরের কথা, তিনি ওই অর্থ তুলে ডিজাইনার পোশাক কিনতেন, বিলাসবহুল ইয়ট এবং ব্যক্তিগত উড়োজাহাজে চড়তেন।
কলম্বিয়ায় জন্ম নেওয়া গিনয়াককে মিশিগানের একটি পরিবার সাত বছর বয়সে দত্তক নেয়। ১৭ বছর বয়স থেকে সে অন্য ব্যক্তিদের নকল করা শুরু করে।
অন্য ব্যক্তি সেজে প্রতারণার অভিযোগে বেশ কয়েকবার তিনি গ্রেপ্তার হয়েছেন এবং কারাদণ্ডের সাজা হয়েছে।
তারপরও প্রিন্স খালিদ সেজে প্রতারণায় নামতে তিনি বিন্দুমাত্র ভাবেননি।
মিয়ামি হেরাল্ড জানায়, বছরের পর বছর ধরে সবার চোখ ফাঁকি দিয়ে প্রিন্স খালিদ সেজে তার প্রতারণা চলছি। কিন্তু এক আবাসন ব্যবসায়ীর চোখে তার বুজরুকি ধরা পড়ে যায়।
গিনয়াককে খুশি মনে শূকরের মাংস দিয়ে তৈরি খাবার খেতে দেখে তার সন্দেহ হয়। মুসলমানদের শূকরের মাংস খাওয়া নিষিদ্ধ।
২০১৭ সালের নভেম্বরে গিনয়াককে গ্রেপ্তার করা হয়।
যুক্তরাষ্ট্রের অ্যাটোর্নি আরিয়ানা ফাজার্ডো ওশান বলেন, “গত তিন দশক ধরে অ্যান্থোনি গিনয়াক নিজেকে সৌদি প্রিন্স বলে সারা বিশ্বের অসংখ্য বিনিয়োগকারীকে ঠকিয়েছেন।
“ওইসব বিনিয়োগকারীদের মিথ্যা আশ্বাস দিয়ে তিনি ৮০ লাখ মার্কিন ডলারের বেশি হাতিয়ে নেন।”
শুক্রবার রায় ঘোষণার সময় বিচারক বলেন, “প্রতারণার মাধ্যমে গিনয়াক যে বিলাসবহুন জীবনযাপন করেছেন তা সত্যিই বিরল।”
