২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভার্জিনিয়ায় সরকারি ভবনে বন্দুকধারীর গুলিতে নিহত ১২

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি সরকারি ভবনে এক বন্দুকধারীর নির্বিচার গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2019, 10:05 AM

Updated : 10 Oct 2022, 09:10 PM

সন্দেহভাজন ওই হামলাকারী ভার্জিনিয়া বিচ সিটিতে দীর্ঘদিন ধরে কাজ করা এক সরকারী কর্মী, জানিয়েছে পুলিশ।

বন্দুকধারীর নাম প্রকাশ করা হয়নি; পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের পর তারও মৃতদেহ পাওয়া গেছে বলে বিবিসি জানিয়েছে।  

শুক্রবার ভার্জিনিয়ার মিউনিসিপাল সেন্টারে বিকাল চারটার কিছু পরে শুরু হওয়া এ ‘ম্যাস শুটিংয়ে’ এক পুলিশ সদস্যসহ ৬জন আহতও হয়েছেন।

ওই মিউনিসিপাল সেন্টারে শহর কর্তৃপক্ষের বেশ কয়েকটি ভবন অবস্থিত। গুলির খবর পেয়েই পুলিশ ভবনগুলো ঘিরে ফেলে ভেতরে থাকা কর্মকর্তা-কর্মচারীদের বের করে আনার কাজ শুরু করে।

বন্দুকধারী পরে পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশের পাল্টা গুলিতে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ভার্জিনিয়ার পুলিশপ্রধান জেমস কারভেরা।

সরকারি ভবনে বন্দুকধারীর হামলার কথা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

ঘটনাটির তদন্তে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

“শহরের ইতিহাসে এটি সবচেয়ে ধ্বংসাত্মক দিন,” বলেছেন ভার্জিনিয় বিচের মেয়র রবার্ট ডায়ার।

তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে রওনা হওয়ার কথা জানিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর রালফ নর্থহাম।