২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঞ্চে আবারও নারীদের চুমু খেলেন দুতের্তে

আবারও মঞ্চে নারীদের চুমু দিয়ে খবরের শিরোনাম হয়েছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 31 May 2019, 01:16 PM

Updated : 08 Apr 2022, 04:15 PM

জাপানের রাজধানী টোকিওতে বৃহস্পতিবার আয়োজিত একটি অনুষ্ঠানে স্ত্রীর সামনেই পাঁচ ফিলিপিনো নারীকে তিনি চুমু দেন।

একটি বাণিজ্য সম্মেলনে যোগ দিতে গত ২৮ মে জাপান সফরে যান দুতের্তে। সেখানে তিনি নিক্কি আয়োজিত ফিউচার অব এশিয়া সম্মেলনে ভাষণ দিতে পারেন। এছাড়া ৩১ মে তার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে সাক্ষাৎ করার কথাও রয়েছে।

দুতের্তের জাপান সফর উপলক্ষে টোকিওতে বসবাস করা ফিলিপিনোরা বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল।

সস্ত্রীক ওই অনষ্ঠানে যোগ দেওয়া ৭৪ বছরের দুতের্তে মঞ্চে তার আশেপাশে থাকা ‘স্বেচ্ছাসেবী’ নারীদের তাকে চুমু দিয়ে অনুষ্ঠান শেষ করতে বলেন। পরে তিনি দর্শকদের মাঝ থেকে এক বিধবাকে ডেকে নেন।

এর আগে গত বছর জুনে দক্ষিণ কোরিয়ায় একটি অনুষ্ঠানে ফিলিপিন্সের এক প্রবাসী নারী শ্রমিকের ঠোঁটে চুমু দিয়ে বিতর্ক উস্কে দিয়েছিলেন দুতের্তে। অনুষ্ঠানটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত লোকজন দুতের্তের কাণ্ডে উল্লাস প্রকাশ করেছিল, যাদের অধিকাংশই দক্ষিণ কোরিয়ায় কর্মরত ফিলিপিনো শ্রমিক।

কিন্তু এই ঘটনাকে ‘একজন নারীবিদ্বেষী প্রেসিডেন্টের বিরক্তিকর নাটক’ বলে বর্ণনা করেছে ফিলিপিন্সের অধিকার আন্দোলনকারী গোষ্ঠী গ্যাবরিয়েলা।