পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রীর পদত্যাগ
পাপুয়া নিউ গিনির পার্লামেন্টে আনাস্থা ভোটে হেরে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী পিটার ও’নিল।
গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ প্রশান্ত মহাসগরীয় দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলছে।
বুধবার সকালে গভর্ণর জেনারেল বব দাদায়ের কাছে পদত্যাগ পত্র জমা দেওয়ার ঘোষণা দেন ও’নিল।
পার্লামেন্ট ও’নিল বলেন, “প্রায় আট বছর ধরে এ দেশের নেতৃত্ব দেওয়া এবং সেবা করতে পারা আমার জন্য দারুণ সম্মানের……কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পাপুয়া নিউ গিনির রাজনীতিতে এমটাই হয়।
“দেশের চলমান রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে এবং আমরা দেশের অর্থনীতি ও ব্যবসায়ীদের জন্য যে আস্থার পরিবেশ তৈরি করেছি তা অব্যাহত রাখতে আমি প্রধানমন্ত্রীর আসন খালি করে দিচ্ছি। যাতে আমরা উন্নয়নের পথে অগ্রসর হতে পারি।”
পদত্যাগের ঘোষণার পর পার্লমেন্টে ও’নিলের সমর্থকরা তাকে ঘিরে ধরেন। বিরোধী দলের এমপিরাও তার সঙ্গে করমর্দন করেন।
তারপরই পার্লামেন্টের অধিবেশন সমাপ্ত ঘোষণা করা হয় এবং বৃহস্পতিবার ও’নিলের উত্তরসূরি নির্বাচন করা হবে বলে জানানো হয়।
ও’নিলের পদত্যাগের পর তার দল নতুন করে সরকার গঠন করতে সক্ষম হবে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
