অর্থনৈতিক সম্মেলন দিয়ে মধ্যপ্রাচ্য শান্তি উদ্যোগের পথে ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার দীর্ঘপ্রতিক্ষীত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার সূচনা করতে চলেছেন বাহরাইনে একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলন করার মধ্য দিয়ে।
জুনের শেষদিকে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ফিলিস্তিন অঞ্চলগুলোতে বিনিয়োগ উৎসাহিত করাই এ সম্মেলনের উদ্দেশ্য।
ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা রোববার একথা বলেছেন। ২৫-২৬ জুনে অনুষ্ঠেয় মানামার এ সম্মেলনে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার কয়েকজন অর্থমন্ত্রীসহ সরকারি প্রতিনিধি ও ব্যবসায়িক নেতারা একত্রিত হবেন।
শান্তি উদ্যোগ হিসাবে অর্থনৈতিক দিক থেকে বিনিয়োগ প্রস্তাবের পাশাপাশি এ সম্মেলনে ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষের মূলে থাকা কন্টকাকীর্ণ রাজনৈতিক বিষয়গুলো সমাধানের প্রস্তাবও দেওয়া হবে।
তবে এ সম্মেলনে ইসরায়েল এবং ফিলিস্তিন যোগ দেবে কিনা তা মার্কিন কর্মকর্তারা বলতে চাননি।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার পরিকল্পনাকে ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ বললেও ফিলিস্তিনিরা এ প্রচেষ্টাকে মোটেও স্বাগত জানায়নি। যুক্তরাষ্ট্রের এ মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ইসরায়েলের অনুকূলেই যাবে বলেই ফিলিস্তিনিরা বিশ্বাস করে।
ট্রাম্পের এ মধ্যপ্রাচ্য শান্তি উদ্যোগে সামিল রয়েছেন তার জামাতা জ্যারেড কুশনার এবং আঞ্চলিক দূত জ্যাসন গ্রিনব্লাট। তারা প্রাথমিকভাবে সম্ভাব্য অর্থনৈতিক সুযোগ-সুবিধার ওপরই গুরুত্ব দিচ্ছেন বলে মনে করা হচ্ছে। যদিও বিশেষজ্ঞরা এ পদক্ষেপের সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। কারণ, মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠায় দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
তবে ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, “আমরা মনে করি দীর্ঘদিন ধরে যে অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে আমরা কাজ করেছি সেটিকে এখন এ অঞ্চলে উপস্থাপন করার সুযোগ এবং সময় এখনই।”
