২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পারস্য উপসাগরে ট্যাঙ্কারের ক্ষতির জন্য ইরানকে দুষল যুক্তরাষ্ট্র

পারস্য উপসাগরে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপকূলের কাছে গত রোববার বিস্ফোরক দিয়ে চারটি জাহাজের ক্ষতি করেছে ইরান কিংবা ইরান সমর্থিত গোষ্ঠীগুলো। এমনই ধারণা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা। গণমাধ্যমের খবরে একথা বলা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 May 2019, 09:53 PM

Updated : 08 Apr 2022, 04:11 PM

বিবিসি জানায়, ঘটনাটি তদন্ত করতে সামরিক বিশেষজ্ঞদের পাঠানো হয়েছে। তারা প্রতিটি ট্যাংকারে বড় ধরনের গর্ত খুঁজে পেয়েছেন।

তবে এ ঘটনায় ইরানের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোও এখনো এ ঘটনার জন্য কাউকে দোষারোপ করেনি।

ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলোর দুটি সৌদি আরবের। আরেকটি হচ্ছে নরওয়ের পতাকাবাহী ট্যাংকার এবং চতুর্থটি হচ্ছে ইউএই’র পতাকাবাহী ট্যাংকার।

গত রোববার পারস্য উপসাগরে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপকূলে ফুজাইরা বন্দরের কাছে ‘অন্তর্ঘাতমূলক হামলায় সৌদি ট্যাংকার দুটির ‘উল্লেখযোগ্য ক্ষতি’ হয়েছে বলে বলে জানিয়েছেন সৌদি আরবের জ্বালানি মন্ত্রী খালিদ আল ফালিহ।

সৌদি টিভিতে ক্ষতিগ্রস্ত জাহাজ দুটোর ছবি দেখানো হয়েছে। অন্যদিকে, ইউএই’র প্রকাশ করা ছবিতে নরওয়ের ট্যাংকারেও ক্ষতির চিহ্ন দেখা গেছে। ট্যাংকারটির ব্যবস্থাপনায় থাকা নরওয়ের একটি ফার্ম এক বিবৃতিতে বলেছে, ট্যাংকারটি পানিতে কোনোকিছুর সঙ্গে ধাক্কা খেয়েছে।

ঘটনাটি ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। বিশ্বে তেল সরবরাহের প্রায় এক পঞ্চমাংশই যায় হরমুজ প্রণালী হয়ে। ইরান গতমাসে এই প্রণালী তাদেরকে ব্যবহার করতে না দেওয়া হলে এটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল।

যুক্তরাষ্ট্র ইরান থেকে তেল কেনা দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপে ছাড় তুলে নেওয়ার সিদ্ধান্ত জানানোর পর ইরান ওই হুমকি দেয়।

যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা চারটি ট্যাংকারেই বড় ধরনের গর্ত পেয়ে ধারণা করছেন, সেগুলো বিস্ফোরক দিয়েই ঘটানো হয়েছে। তবে এ ঘটনায় ইরান কিভাবে সম্পৃক্ত থাকতে পারে সে সম্পর্কে কোনো ব্যাখ্যা তারা দেননি।