আলোচনার জন্য ভারতে ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইরান ফের মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ায় ভারত দেশটি থেকে তেল কেনা বন্ধ করে দেওয়ার পর ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ এ বিষয়ে কথা বলতে দিল্লি গেছেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে মঙ্গলবার তার বৈঠক করার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্র গত বছর মে মাসে ইরান পরমাণু চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণার পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশটির উপর সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। বিশেষ করে তেহরানের তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতে মার্কিন প্রশাসন নতুন করে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে।
শুধু তাই নয়, বরং যেসব দেশ ইরানের সঙ্গে ব্যবসা করবে বা তাদের তেল কিনবে সেসব দেশের উপরও নিষেধাজ্ঞায় ছাড় তুলে নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে বিশেষ বিবেচনায় ভারত, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও চীনসহ কয়েকটি দেশকে ছয় মাসের জন্য নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হলেও পরে তা প্রত্যাহার করার ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। দেশগুলোকে ইরান থেকে তেল কেনা বন্ধে ৬ মাস সময় দেওয়া হয়েছিল।
এপ্রিলে ওই ছয় মাস শেষ হয়। তার আগেই মার্কিন প্রশাসন নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকার মেয়াদ আর বাড়ানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়।
নিষেধাজ্ঞা এড়াতে ভারত মে মাস থেকে ইরানের তেল কেনা বন্ধ করে দিয়েছে। সোমবার এএনআই’কে জারিফ বলেন, “অর্থনৈতিক, রাজনৈতিক এবং আঞ্চলিক দিক দিয়ে ভারত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদারদের একজন।
“আমরা নিয়মিত বিভিন্ন বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করি এবং উপদেশ নেই। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই অঞ্চলের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনার জন্য আমি এখানে এসেছি। একই সঙ্গে আমরা দ্বিপাক্ষিক বিষয় নিয়েও কথা বলব।”
চীনের পর ভারতই ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা।
যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাপ পরিস্থিতি আরো নাজুক করে ফেলছে জানিয়ে জারিফ বলেন, “দুর্ভাগ্যজনকভাবে যুক্তরাষ্ট্র অপ্রয়োজনে পরিস্থিতি আরো ঘোলাটে করে ফেলছে। আমরা উত্তেজনা চাই না, কিন্তু আমরা সব সময়ই নিজেদের সুরক্ষা করবো।”
ইরান গড়ে প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল রপ্তানি করে; যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে মে মাস থেকে যা প্রায় অর্ধেকে নেমে আসার উপক্রম হয়েছে। অথচ গতবছরও দেশটি দৈনিক সর্বোচ্চ ২৮ লাখ ব্যারেল তেল রপ্তানি করত।
তেল নির্ভর অর্থনীতির দেশ ইরান বিপর্যয় ঠেকাতে দৈনিক অন্তত ১৫ লাখ ব্যারেল তেল রপ্তানি করার শর্ত জুড়ে দিয়েছে, নতুবা তারাও পরমাণু চুক্তি প্রত্যাহার করবে।
যুক্তরাষ্ট্র ২০১৫ সালে হওয়া ইরান পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়ালেও চুক্তির বাকি অংশীদার যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানি চুক্তি বাঁচিয়ে রাখতে চাইছে।
