২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আচমকা বিপত্তিতে উল্টে পড়লেন বেপরোয়া সাইকেল চালক

অনেক সাইক্লিস্টের কাছে গতিময়তা হলো অ্যাডভেঞ্চার৷ তবে গতি যতই হোক, সাইকেল নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজন সতর্কতা আর জানা থাকা দরকার কৌশল৷ তা না হলে বিপদ যে অনিবার্য!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ডয়চে ভেলে বাংলা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2019, 12:02 PM

Updated : 18 Aug 2022, 05:17 PM

ফ্রান্সের এক মাউন্টেন বাইকারেরও বিপদ হয়েছিল বেপরোয়াভাবে সাইকেল চালানোর কারণে৷ ফ্রোফোক্স নামের ওই ব্যক্তি দেশটির পাহাড়ি এলাকার শহর ব্লোইস-এ তার প্রিয় সাইকেলটি চালাচ্ছিলেন৷ সাইকেলটি নিয়ে শহরের ঢালু রাস্তা বেয়ে নামছিলেন তিনি৷ রাস্তা একদিকে যেমন খুব ঢালু, অন্যদিকে আঁকাবাঁকাও৷ রাস্তার এ বৈচিত্র্য যেন উপভোগই করছিলেন তিনি৷ যতই নীচের দিকে নামছিলেন, ততই বাড়ছিল সাইকেলের গতি৷

এদিকে রাস্তার এক জায়গায় খাড়া একটি সিঁড়িতে বসে গল্প করছিলেন কয়েকজন তরুণ-তরুণী৷ খুব খাড়া সিঁড়ি হওয়ায় উপর থেকে ফ্রোফোক্স সিঁড়ির নীচের অংশে কেউ আছেন কি না দেখতে  পাননি ৷ যখন তিনি বিষয়টি দেখতে পেলেন, তখন তার হাতে আর সময় নেই সাইকেলটি নিয়ন্ত্রণে নেওয়ার৷ এদিকে খাড়া ঢাল বেয়ে আসা সাইকেলটিতে প্রচণ্ড গতি থাকায় এটি নিয়ন্ত্রণ করা ততটা সহজও ছিল না৷

 

তবে সাইকেলটি তীব্রগতিতে ছুটে আসতে দেখে নীচে বসে থাকা এক তরুণী মুহূর্তের মধ্যেই নিজেকে সরিয়ে নেন ও তার সঙ্গীদেরও সতর্ক করেন৷  আর সাইকেলটি নিয়ে বসে থাকা ওই তরুণ-তরুণীদের মাঝখান দিয়েই বেরিয়ে যান ফ্রোফোক্স৷ কিন্তু তারপর সাইকেল থেকে ছিটকে পড়েন তিনি৷ তার এ দশা দেখে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাওয়া তরুণ-তরুণীরাও না হেসে পারেননি৷

পুরো ঘটনাটি ধরা পড়ে ফ্রোফোক্সের কপালে লাগানো ক্যামেরায়৷ পরে ভিডিওটি তিনি ইউটিউবে প্রকাশ করেন৷ প্রায় মাসখানেক আগে ইউটিউবে প্রকাশিত এ ভিডিওটি ইতোমধ্যে দেখা হয়েছে ১১ লাখ বারেরও বেশি।