যুক্তরাজ্যের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানি নারীর জেল
যুক্তরাজ্যের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানি এক নারীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে ইরান। ওই নারী ব্রিটিশ কাউন্সিলের ‘ইরানি ডেস্কের’ দায়িত্বে ছিলেন।
তিনি ব্রিটিশ গোয়েন্দাদের ‘সহযোগিতা করার কথা স্বীকার করেছেন’ বলে জানিয়েছেন ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসাইন ইসমাইলি।
তিনি ওই নারীর নাম প্রকাশ করেননি বলে জানায় বিবিসি। তবে লন্ডনে ব্রিটিশ কাউন্সিলের কর্মী এবং চিত্রকলার শিক্ষার্থী আরাস আমিরি নামে এক নারী গত বছর মার্চে ইরানে ফেরার পর তাকে আটক করা হয়।
গত মাসে আমিরির এক কাজিন জানান, আমিরির বিরুদ্ধে ‘জাতীয় নিরাপত্তা বিরোধী কাজ করার’ অভিযোগ আনা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে ইরান এ অভিযোগে অনেক আন্দোলনকর্মী ও সাংবাদিক এবং বেশ কয়েকজন দ্বৈত নাগরিক ও বিদেশিকে আটক করেছে এবং বিচারের নামে তাদের কারাদণ্ড দিচ্ছে।
এমন একজন যুক্তরাজ্য ও ইরানের দ্বৈত নাগরিক নাজনিন জাহারি-র্যাটলিফ। তাকে গুপ্তবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে তিনি তেহরান কারাগারে আছেন।
যুক্তরাজ্য কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে তাকে মুক্ত করার চেষ্টা করছে।
