শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে ওয়াহাবিবাদের বিকাশে উদ্বেগ
খ্রিস্টানদের ইস্টার সানডেতে বিভিন্ন গির্জা ও হোটেলে আত্মঘাতী বোমা হামলার সন্দেহভাজন চক্রের প্রধান জাহরান হাশিমের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে সৌদি আরবে পড়াশোনা করা এক মুসলিম পণ্ডিতকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার কর্তৃপক্ষ।
গ্রেপ্তার মোহাম্মদ আলিয়ার (৬০) ‘সেন্টার ফর ইসলামিক গাইডেন্স’র প্রতিষ্ঠাতা। এ প্রতিষ্ঠানটি শ্রীলঙ্কার পূর্ব উপকূলের মুসলিমপ্রধান শহর কাত্তানকুডিতে একটি মসজিদ, একটি মাদ্রাসা ও একটি পাঠাগার পরিচালনা করে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ইস্টারের দিন বোমা হামলার প্রধান সন্দেহভাজন জাহরানের বাড়িও এই কাত্তানকুডিতে। আলিয়ার ও তার প্রতিষ্ঠানের সংস্পর্শে এসেই জাহরান ওয়াহাবিবাদে দীক্ষিত হয়ে ওঠেন বলে মনে করা হচ্ছে।
আলিয়ারের গ্রেপ্তারের পর শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে ওয়াহাবিবাদের উত্থানের ওপর চোখ পড়েছে লঙ্কান কর্তৃপক্ষের।
“গ্রেপ্তারকৃত সন্দেহভাজনের সঙ্গে জাহরানের ঘনিষ্ঠ সম্পর্ক ও আর্থিক লেনদেন ছিল বলে তথ্য পাওয়া গেছে,” শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে শ্রীলঙ্কার পুলিশ।
ইস্টার পরবে বিভিন্ন গির্জা ও হোটেলে বোমা হামলা চালিয়ে আড়াইশরও বেশি মানুষকে হত্যায় জড়িত আত্মঘাতী দলটির প্রশিক্ষণ হয়েছিল শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় হাম্বানটোটা শহরে; ওই প্রশিক্ষণেও আলিয়ার ‘জড়িত’ ছিলেন বলে বিবৃতিতে বলা হয়েছে।
পুলিশের এক মুখপাত্র গ্রেপ্তার ধর্মীয় নেতার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিস্তারিত জানাতে রাজি হননি।
আলিয়ারের সহযোগীদের ফোন করলেও তারা ফোন ধরেননি বলে জানিয়েছে রয়টার্স। তার আইনজীবীর সঙ্গেও যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।
সেন্টার ফর ইসলামিক স্টাডিজের সঙ্গে সম্পৃক্ত নন কাত্তানকুডির মুসলিম সম্প্রদায়ের এমন দুটি সূত্র জানিয়েছে, ২-৩ বছর আগে আলিয়ারের এ প্রতিষ্ঠানের লাইব্রেরিতে পড়া সালাফি-ওয়াহাবি কট্টর-রক্ষণশীল বইপুস্তক তামিলভাষী জাহরানের উগ্রবাদের দিকে ধাবিত হওয়ায় খানিকটা হলেও ভূমিকা রেখেছে।
“আমি প্রায়ই তাকে ওই সেন্টারে যেতে, সৌদি জার্নাল ও সাহিত্য পড়তে দেখতাম,” বলেছেন একজন।
ওই সময়ই জাহরান আল্লাহর কাছ থেকে সাহায্য চাওয়ার চর্চার সমালোচনা করতে শুরু করেছিলেন। এ ধরনের আবেদন ‘ইসলামে নাজায়েজ’ বলেও মত ছিল তার।
“২০১৬-র আগে এ ধরনের শিক্ষা শ্রীলঙ্কায় ছিল না, যদি না আপনি সালাফি সাহিত্য পড়ে থাকেন,” বলেন প্রতিক্রিয়ার ভয়ে নাম প্রকাশ না করার অনুরোধ জানানো ওই ব্যক্তি।
প্রথম তিন প্রজন্মের মুসলমানদের মূল্যবোধ ও চর্চায় ফিরতে ইসলামের বিধানসমূহের আক্ষরিক ব্যাখ্যার অনুসারী সালাফিবাদের সঙ্গে ওয়াহাবিবাদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে।
এই সালাফিবাদই বিশ্বজুড়ে মুসলমানদের জঙ্গি হতে প্ররোচনা দিচ্ছে বলে সমালোচনা আছে।
ওয়াহাবিবাদের উৎপত্তি সৌদি আরবে; দেশটির শাসক পরিবার এই মতবাদের সমর্থক হলেও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদি আরবে আরও উদার ইসলাম চর্চার আশ্বাস দিয়েছেন।
জাহরান নিয়মিত আলিয়ারের সেন্টার ফর ইসলামিক স্টাডিজে আসা-যাওয়া করলেও দুইজনের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল কি না, কাত্তানকুডির সূত্রগুলো তা জানাতে পারেনি।
রিয়াদের ইমাম মোহাম্মদ ইবনে সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়ার এক বছর পর ১৯৯০ সালে আলিয়ার কাত্তানকুডিতে এ সেন্টারটি প্রতিষ্ঠা করেন।
শহরে সালাফি মতবাদের বিস্তারের ক্ষেত্রে ওই সময়কে অন্যতম গুরুত্বপূর্ণ মুহুর্ত হিসেবে অভিহিত করেছেন কাত্তানকুডির এক বাসিন্দা।
সৌদি আরব ও কুয়েতের দাতারা আলিয়ারের এ প্রতিষ্ঠানের খরচের একাংশ বহন করে বলে সেন্টারের বাইরের এক ফলকে লেখা রয়েছে।
আলিয়ারকে গ্রেপ্তার করার আগে সেন্টারটির পরিচালনা বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক তিন সদস্য জাহরানকে ‘সমস্যা সৃষ্টিকারী’ হিসেবে অ্যাখ্যা দিয়েছিলেন।
জাহরানের উগ্র ধ্যানধারণার বিষয়ে কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন বলেও দাবি তাদের।
এ সদস্যরা বলছেন, এক দশক আগে জাহরান লাইব্রেরিতে নিয়মিত আসা যাওয়া করলেও সাম্প্রতিক বছরগুলোতে তাকে দেখা যায়নি।
জাহরানের উগ্র চিন্তাভাবনার জন্য লাইব্রেরিটির কোনো বইকে দায়ী করা যাবে না বলেও মত তাদের।
স্থানীয়দের দান, শিক্ষার্থীদের বেতন এবং রিয়াদে আলিয়ারের সহপাঠীদের কয়েকজনের দেওয়া অর্থে সেন্টার ফর ইসলামিক স্টাডিজ চলে, প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সূত্রগুলো এমনটিই জানিয়েছে।
সেন্টারটির তহবিলের উৎস সম্পর্কে বিস্তারিত জানতে পারেনি রয়টার্স।
রিয়াদে সৌদি সরকারের যোগাযোগ দপ্তরও এ সেন্টারটির অর্থায়ন বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
