যুক্তরাষ্ট্রের নৌবহর ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংসের হুমকি ইরানের
ইরানের রেভল্যুশনারী গার্ড বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নাকচ করেছে এবং ঊর্ধ্বতন এক ইরানি ধর্মগুরু যুক্তরাষ্ট্রের নৌবহর ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করার হুমকিও দিয়েছেন।
মার্কিন বিমানবাহী রণতরী উপসাগরের দিকে অগ্রসর হওয়ার মধ্যে এ হুমকি এল।
ইরানের গার্ড বাহিনী এবং কট্টরপন্থি ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ইউসুফ তাবাতাবাই-নেজাদের এমন প্রতিক্রিয়া প্রেসিডেন্ট হাসান রুহানি ও তার মধ্যপন্থি মিত্রদেরকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনোরকম আলোচনার প্রস্তাবে সায় দিতে নিরুৎসাহিত করারই চেষ্টা বলে মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইরানের নেতাদেরকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন। পারমাণবিক কর্মসূচি পরিহার করা নিয়ে ইরানকে এ আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি।
তাছাড়া, ইরানের সঙ্গে টান টান উত্তেজনার এ সময়ে সামরিক সংঘাতে জড়ানোর সম্ভাবনাও ট্রাম্প নাকচ করেননি।
ইরানকে হুঁশিয়ার করতে যুক্তরাষ্ট্র এরই মধ্যে রণতরী আব্রাহাম লিংকন মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে। বৃহস্পতিবারই এ তরী মিশরের সুয়েজ ক্যানেল পেরিয়ে গেছে।
কাতারের মার্কিন ঘাঁটিতে আমেরিকান বি-৫২ বোমারু বিমান এরই মধ্যে পৌঁছানোর কথা জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। ইরান এ সমস্ত পদক্ষেপ তাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য এক ‘মনস্তাত্বিক যুদ্ধ’ বলে উড়িয়ে দিয়েছে আগেই।
এবার পাল্টা হুমকি দিয়ে ইরানের ধর্মগুরু আয়াতুল্লাহ তাবাতাবাই-নেজাদ বলেছেন, “তাদের শতকোটি ডলারের বহর মাত্র একটি ক্ষেপণাস্ত্র ছুড়েই ধ্বংস করে দেওয়া যায়।” ইরানের ইসফাহান শহর থেকে নেজাদের এ উদ্ধৃতি তুলে ধরেছে দেশটির আইএসএনএ বার্তা সংস্থা।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতিনিধি হচ্ছেন এই নেজাদ। যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি আরো বলেছেন, “তারা কোনো পদক্ষেপ নিলে কয়েক ডজন ক্ষেপণাস্ত্রের মুখে পড়বে।”
অন্যদিকে, ইরানের রেভল্যুনারি গার্ড বাহিনীর রাজনীতি বিষয়ক উপপ্রধান ইয়াদুল্লাহ জাভানি বলেছেন, “আমেরিকার সঙ্গে কোনোরকম আলোচনা হবে না। আর তারা আমাদের বিরুদ্ধে কোনো সামরিক ব্যবস্থা নেওয়ার সাহসও করবে না।”
