২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলায় বিরোধীদলীয় নেতা গুইদোর ডেপুটি আটক

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদোর কংগ্রেসনাল ডেপুটিকে আটক করেছে দেশটির গোয়েন্দা সংস্থা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2019, 11:50 AM

Updated : 08 Apr 2022, 04:10 PM

বুধবার বিরোধীদল নিয়ন্ত্রিত জাতীয় পরিষদের সহসভাপতি এদগার জামব্রানোকে তার নিজ গাড়ির ভিতরে বসা অবস্থায় গাড়িসহ একটি টো ট্রাক দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

জামব্রানোকে আশু মুক্তি দেওয়া না হলে এর ‘পরিণতি ভোগ করতে হবে’ বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র সরকার।

গত সপ্তাহে দেশটির জাতীয় পরিষদের সভাপতি গুইদো প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে হটাতে সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করার পর এই প্রথম কোনো আইনপ্রণেতাকে গ্রেপ্তার করলো ভেনেজুয়েলার এসইবিআইএন গোয়েন্দা সংস্থা।

মঙ্গলবার ভেনেজুয়েলার মাদুরোপন্থি সাংবিধানিক পরিষদ জামব্রানোসহ আরও ছয় আইনপ্রণেতার পার্লামেন্টারি ইমিউনিটি বাতিল করার সিদ্ধান্ত নেয়। এদের বিচারের আওতায় আনতেই এ ব্যবস্থা নেওয়া হয়। বিরোধীদল সাংবিধানিক পরিষদের এ সিদ্ধান্ত মেনে নেয়নি।

এর আগে দেশটির সুপ্রিম কোর্ট এই আইনপ্রণেতাদের চক্রান্ত, সশস্ত্র বিদ্রোহ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত করে। বুধবার বিরোধীদলের আরও তিন জন আইনপ্রণেতাকেও একই অভিযোগে অভিযুক্ত করা হয়।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে জামব্রানো এক টুইটে বলেন, রাজধানী কারাকাসের লা ফ্লোরিডা এলাকায় তাদের ডেমোক্রেটিক অ্যাকশন পার্টির সদরদপ্তরের সামনে এসইবিআইএন গোয়েন্দারা তার গাড়ি ঘিরে ফেলেছে।  

“এসইবিআইএন আমাদের বিস্মিত করেছে, আমাদের গাড়ি থেকে বের হতে না দিয়ে জোর করে সরাসরি হেলিকোইদে (এসইবিআইএনের সদরদপ্তর) পাঠানোর জন্য তারা একটি টো ট্রাক ব্যবহার করছে,” বলেছেন তিনি।

ইতোমধ্যেই জামব্রানোকে হেলিকোইদে নেওয়া হয়েছে কি না, তা পরিষ্কার হয়নি।

এক টুইটে গুইদো বলেছেন, “সরকার ফার্স্ট ভাইস প্রেসিডেন্টকে অপহরণ করেছে।”

ওয়াশিংটন থেকে কার্যক্রম পরিচালনা করা যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা দূতাবাস বলেছে, জামব্রানোর ‘আটক বিধিবহির্ভূত অবৈধ এবং অমার্জনীয়’।

“জামব্রানোর নিরাপত্তা জন্য মাদুরো ও তার সহযোগীরা সরাসরি দায়ী থাকবে। তাকে আশু মুক্তি না দেওয়া হলে পরিণতি ভোগ করতে হবে,” এক টুইটে বলেছে দূতাবাসটি।

গত সপ্তাহে গুইদো একটি অভ্যুত্থানের উদ্যোগ নিলেও মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে ব্যর্থ হন। গুইদোর ওই উদ্যোগকে ক্ষমতা দখলের চেষ্টা বলে অভিহিত করেছেন মাদুরো।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক মন্তব্যে সাংবিধানিক পরিষদের প্রধান দিয়োসদাদো কাবেলো বলেছেন, “ক্ষমতা দখল চেষ্টার প্রধান ষড়যন্ত্রকারীদের একজনকে এইমাত্র গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যর্থ অভ্যুত্থানের জন্য তাদের মূল্য দিতে হবে।”

গুইদোকে ভেনেজুয়েলার বৈধ রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। যুক্তরাষ্ট্র মাদুরো সরকারের বিরুদ্ধে অনেকগুলো নিষেধাজ্ঞাও আরোপ করেছে।