২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় পুলিশের ওপর ‘হামলার ষড়যন্ত্র বানচাল’

নির্বাচনে কারচুপির অভিযোগ জানিয়ে বিরোধীদের সমাবেশকে ঢাল হিসেবে ব্যবহার করে আত্মঘাতী বোমা হামলা এবং পুলিশ কর্মকর্তাদের ওপর সশস্ত্র হামলার পরিকল্পনায় জড়িত সন্দেহে ছয় জনকে আটক করার কথা জানিয়েছে ইন্দোনেশিয়ার সন্ত্রাসবাদবিরোধী পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2019, 04:27 PM

Updated : 08 Apr 2022, 04:09 PM

দেশটির ন্যাশনাল পুলিশের মুখপাত্র দেদি প্রাসেতেইও বলেন, পশ্চিম জাভার বেকাসিতে সপ্তাহান্তে চালানো এক অভিযানে ওই সন্দেহভাজনদের আটক করা হয়।

অভিযানে পুলিশের দিকে বোমা ছোড়ার পর গুলিতে এক জঙ্গি নিহত হয়েছে বলেও তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

“তারা পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে সেগুলো সন্ত্রাসী কাজে ব্যবহারের পরিকল্পনা করেছিল; আত্মঘাতী বোমা কিংবা অন্য যেভাবেই এ হামলা হতো না কেন তা (সমাবেশে থাকা) আন্দোলনকারীদের জন্য প্রাণঘাতী হয়ে দেখা দিত,” বলেছেন প্রাসেতেইও।

সন্দেহভাজনদের কাছ থেকে বিস্ফোরক জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

১৭ এপ্রিল অনুষ্ঠিত ভোটে জোকো উইদোদোই ফের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে অনানুষ্ঠানিক বিভিন্ন জরিপে ধারণা দেওয়া হয়েছে।

অন্যদিকে উইদোদোর প্রতিদ্বন্দ্বী সাবেক জেনারেল প্রাবোয়ো সুবিয়ান্তো নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে বলে দাবি করেছেন।

নির্বাচন কমিশন অভিযোগ আমলে না নিলে, ২২ মের ভোটগণনায় তিনি যদি পরাজিত হন তাহলে ‘জনশক্তির’ আদলে প্রতিবাদ সংঘটিত হবে বলেও হুমকি দিয়েছেন এ বিরোধী প্রার্থী।

ইন্দোনেশিয়ার পুলিশ জানিয়েছে, তারা যে সন্দেহভাজনদের আটক করেছে, তারা জামিয়াহ আনসারুত দৌলা (জেএডি) নামের একটি সশস্ত্র সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট। এদের সঙ্গে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটেরও যোগ আছে।

আটক সন্দেহভাজনরা বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র দিয়ে ২০০৮-র মুম্বাই হামলার মতো একটি হামলার পরিকল্পনা করেছিল বলে ভাষ্য প্রাসেতেইওর।

বছরখানেক আগে সুরাবায়া শহরে শিশুসহ এক পরিবারের নয় সন্তান বিভিন্ন গির্জা ও থানায় সিরিজ আত্মঘাতী হামলা চালায়। সেবারের হামলায় ৩০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।