২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক সাংবাদিকদের ছেড়ে দিন: হুতিদের অ্যামনেস্টি

গুপ্তচরবৃত্তির অভিযোগে চার বছর ধরে আটক ১০ সাংবাদিককে ছেড়ে দিতে ইয়েমেনের হুতিদের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2019, 06:01 PM

Updated : 08 Apr 2022, 04:08 PM

পশ্চিমা দেশগুলোর স্বীকৃত প্রেসিডেন্ট আবদ-রাব্বু মানসুর হাদিকে উৎখাত করে ২০১৪ সাল থেকে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখলে রেখেছে।

হাদির পক্ষে ২০১৫ সাল থেকে ইয়েমেনের ওপর লাগাতার বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব নেতৃত্বাধীন সুন্নি মুসলিম দেশগুলোর সেনাবাহিনী। ওই বছরের গ্রীষ্মেই ১০ সাংবাদিককে আটক করে হুতিরা।

২০১৮ সালের ডিসেম্বরে হুতিদের সন্ত্রাসবাদ বিষয়ক এক বিশেষ আদালতে আটককৃতদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি এবং সৌদি নেতৃত্বাধীন জোটকে সহায়তার গুরুতর অভিযোগ আনা হয় বলে অ্যামনেস্টির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

“কেবলমাত্র নিজেদের কাজ করার জন্যই তাদের মৃত্যুদণ্ডের মতো সাজার মুখোমুখি হতে হচ্ছে, এটা একেবারেই অগ্রহণযোগ্য,” বিবৃতিতে বলেছেন অ্যামনেস্টির ইয়েমেন বিষয়ক গবেষক রাশা মোহাম্মদ।

আটক সাংবাদিকদের কেউ কেউ ইয়েমেনের ইসলাহ পার্টির সঙ্গে সংশ্লিষ্ট একটি অনলাইন পোর্টালে কাজ করতেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাটি; ইসলাহ হাদি সরকারের অংশীদার ছিল।  

সানার একটি হোটেলে অভিযান চালিয়ে নয় সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছিল; বাকিজন আটক হন বাড়ি থেকে।

কখন তাদের বিচার শুরু হবে তা জানা যায়নি, বলেছে অ্যামনেস্টি।

হুতিদের সুপ্রিম রেভ্যুলেশনারি কমিটির প্রধান মোহাম্মদ আলি আল-হুতি রয়টার্সের জিজ্ঞাসার জবাবে টুইটারে বলেছেন, “তাদের কয়েকজন যা দাবি করেছেন তার সত্যতা পাওয়া যায়নি। তাদের যুক্তির স্বপক্ষে এবং তারা যে সাংবাদিক তার প্রমাণ দিক তারা।”

চার বছর ধরে চলে আসা যুদ্ধে নির্বিচারে আটকের জন্য হুতি এবং হাদি সমর্থক উভয়পক্ষকেই দায়ী করে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।

ইয়েমেনের এ যুদ্ধকে সৌদি আরব ও ইরানের মধ্যে ছায়াযুদ্ধ হিসেবেই দেখছেন সমরবিদরা।

যুদ্ধবিধ্বস্ত দেশটির বেশিরভাগ অংশের নিয়ন্ত্রক বিদ্রোহীরা অবশ্য নিজেদের ইরানের ‘পুতুল’ বলতে নারাজ। তাদের লড়াই ও বিপ্লব দুর্নীতির বিরুদ্ধে, বলছে হুতিরা।